ভক্ত অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত ও অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো।

সৌদি ক্লাব আল-নাসরের এই অধিনায়ক তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে একটি আনন্দঘন বার্তা শেয়ার করে সবার সুখ ও শান্তি কামনা করেছেন।

পোস্টে রোনালদো লিখেছেন, ‘ঈদ মোবারক! এই বিশেষ দিনে আপনাদের সবার আনন্দ, শান্তি ও সুখ কামনা করছি.’

সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকেই পর্তুগিজ এই মহাতারকা নিয়মিতভাবে স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় উৎসবগুলোতে শামিল হচ্ছেন। রমজান শেষে ঈদের এই শুভেচ্ছা বার্তাটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই লাখ লাখ ভক্তের ভালোবাসা ও লাইক কুড়িয়েছে।

রোনালদো বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন। গত ফেব্রুয়ারির শেষ দিকে আল-ফায়হার বিপক্ষে ম্যাচে এই চোট পান তিনি। বর্তমানে তিনি মাদ্রিদে একটি বিশেষ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

সামনে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের দুটি প্রীতি ম্যাচ রয়েছে। এই দুই ম্যাচের জন্য পর্তুগাল জাতীয় দলের স্কোয়াডে তাকে রাখা হলেও তার খেলা নির্ভর করছে এই শুক্রবারের মেডিকেল পরীক্ষানিরীক্ষার ওপর। যদি তিনি এই আন্তর্জাতিক উইন্ডো মিস করেন, তবে আগামী ৩ এপ্রিল আল-নাজমার বিপক্ষে লিগ ম্যাচে আল-নাসরের জার্সিতে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

এর আগে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোনালদো নিশ্চিত করেছেন যে, ২০২৬ সালে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের ‘লাস্ট ড্যান্স’ বা শেষ বড় টুর্নামেন্ট। পর্তুগালের হয়ে শেষবারের মতো বিশ্বমঞ্চে জ্বলে উঠতে বর্তমানে পূর্ণ মনোনিবেশ করছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top