মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদ আটটি পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ঈদ সামগ্রী বিতরণ এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ শহীদ নয়নের পরিবারসহ মোট আটটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মোঃ মাকসুদুর রহমান, বড়মানিকা ইউনিয়ন আমীর, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি, টবগী ইউনিয়ন আমীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপজেলা আমীর মাওলানা মোঃ মাকসুদুর রহমান বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে বোরহানউদ্দিন উপজেলায় শহীদ নাহিদ , ইয়াসিন, শহীদ জামাল,নয়ন, সোহেল, সুজন, লিজা, জাকিরসহ আট পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। তাদের কাছে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া এককালীন দুই লক্ষ টাকা সহ গত দুই ঈদেও তাদের সহযোগিতা করা হয়েছিল।
তিনি আরও বলেন, জামায়াত জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।
এ সময় শহীদ নয়নের ভাই বলেন, ৫ আগস্টের পর থেকে জামায়াত যেভাবে আমাদের পাশে রয়েছে, তারা এভাবে পাশে থাকলে আমরা ভালো থাকতে পারবো।




