চরফ্যাশনে জমি নিয়ে বিরোধদের জেড়ে দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
চরফ্যাশনে জমি বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট এবং জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে চরফ্যাশন উপজেলার চর-কলমি ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নুরুল ইসলাম কালু জানান, তিনি দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে ক্রয়কৃত ফসলি জমিতে চাষাবাদের পাশাপাশি বসতবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মৃত ইউনুসের ছেলে হেলালের নেতৃত্বে মামুন, সোহাগ, সবুজ ও হাসানসহ প্রায় ৪০ জন বহিরাগত ভাড়াটে লাঠিয়াল নিয়ে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তার বসতবাড়িতে হামলা চালায়।

নুরুল ইসলাম কালুর অভিযোগ, হামলাকারীরা রাতের আঁধারে তার বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে জোরপূর্বক দখল নেয় এবং টিনশেড ঘর নির্মাণ করে। বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্য হযরত আলী, রিজিয়া বেগম, রুমা ও শামসুন্নাহারকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। এসময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার এবং জমির দলিলপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

এব্যাপারে অভিযুক্ত হেলাল, মামুন, সবুজ ও হাসান হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, নুরুল ইসলাম কালু গংয়ের সঙ্গে প্রায় এক একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলছে এবং আদালতের রায় তাদের পক্ষেই রয়েছে। তাদের দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ ফকরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top