শততম টেস্টে সেঞ্চুরি, কিংবদন্তিদের কাতারে মুশফিক

ক্রীড়া ডেস্ক

এক রানের অপেক্ষা নিয়ে গতকাল (বুধবার) মিরপুর টেস্টের প্রথম দিন শেষ করেছিলেন মুশফিকুর রহিম। এদিনই বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে তিনি শততম টেস্টের মাইলফলক পূর্ণ করেছিলেন। এমন ম্যাচ সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক। শততম টেস্টে সেঞ্চুরি করে তিনি কিংবদন্তি গর্ডন গ্রিনিজ, জাভেদ মিঁয়াদাদ, ইনজামাম-উল-হক ও গ্রায়েম স্মিথদের কাতারে ঢুকে গেলেন।

৯৯ রানে অপরাজিত থেকে আজ (বৃহস্পতিবার) ক্রিজে আসেন মুশফিক। সঙ্গী আগেরদিন ৪৭ রান করা লিটন দাস। মুশফিক ম্যাথু হাম্প্রিসের করা প্রথম ওভারটা ঠাণ্ডা মাথায় কাটিয়ে দেন। পরের ওভারে লিটন আসেন স্ট্রাইকে, জর্ডান নিলের করা প্রথম বলেই তিনি সিঙ্গেল রান নেন। মুশফিক তৃতীয় বলটি স্কয়ার লেগে পাঠিয়ে নিজের অপূর্ণ ম্যাজিক ফিগারটা পূর্ণ করে প্রসারিত করেন দু’হাত। এরপর কৃতজ্ঞতা জানান সৃষ্টিকর্তার প্রতি।

শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করার কীর্তিতে বাংলাদেশের এই তারকা বিশ্বের ১১তম ক্রিকেটার। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। ফলে এমন মাইলফলক ম্যাচে সেঞ্চুরির ঘটনা ১২তম বার ঘটল। এর মধ্য দিয়ে মুশফিক ১১ কিংবদন্তির তালিকায় ‍যুক্ত হলেন, এর মধ্যে সর্বশেষ দুজন জো রুট ও ডেভিড ওয়ার্নার অবশ্য শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top