এইচ এম খলিল, বাকেরগঞ্জ
বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে বাকেরগঞ্জের সকল মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৮ আগস্ট ) সকাল ১১ টার সময় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।
সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাদরাসা শিক্ষা বর্তমানে একটি আধুনিক শিক্ষাব্যবস্থা , এখানে যেমন ধর্মীয় জ্ঞান অর্জন করা সম্ভব- তেমনি আধুনিক সমাজব্যবস্থার সাথে নিজেকে গড়ে তোলার জন্য এটি একটা অনন্য মাধ্যম। মাদরাসা শিক্ষা এখন আর ধর্মীয় ও পরকালীন শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়, এখান থেকে শিক্ষা নিয়ে সমাজ সংস্কারক হিসাব প্রতিষ্ঠা লাভ করা যায়।
বিহারীপুর হোসাইনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোয়াজ্জেম হোসেন আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা সেক্রেটারি ও বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, মাওলানা আ ক ম আলী আহমেদ, অধ্যক্ষ মাওঃ সফিকুর রহমান, অধ্যক্ষ মাওঃ মোঃ আবুবকর সিদ্দিক, মাও মোঃ আবুল হোসাইন, মাওঃ মোঃ দিদারউল্লাহ প্রমূখ।
বক্তারা উপজেলার বিভিন্ন মাদরাসার অবকাঠামোগত সমস্যাসহ মাদরাসার গুনগত পরিবেশ ফিরিয়ে আনার জন্য ইবতেদায়ি এবং সংযুক্ত ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তি এবং ইবতেদিয়া মাদরাসাগুলোকে জাতীয়করণের জন্য সচিবের কাছে দাবি জানান।




