বরিশাল জার্নাল ডেস্ক
শিক্ষার্থীদের আন্দোলনে অনেকটাই অচল হয়ে পড়েছে বরিশাল নগরী। যানজট, গাড়ির সংকট এবং হয়রানিতে অতিষ্ঠ সাধারণ মানুষও দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষের প্রতি।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্যখাতের সংস্কারের তিন দফা দাবি আদায়ে ৫ম দিনের মতো চলছে বরিশাল ব্লকেড কর্মসূচি। এ নিয়ে ১৫ দিনে পৌঁছল এই আন্দোলন। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।
এ ছাড়া কয়েকটি স্কুলের শিক্ষার্থী নগরীর সদর রোড অবরোধ করেছে। শেবাচিম হাসপাতালে অনশনরত দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে।
আন্দোলনকারীদের মধ্যে সিফাত নামে এক শিক্ষার্থী বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছি। কিস্তু এখন পর্যন্ত কতৃপক্ষ কোনো প্রকার আলোচনা করেনি। যতদিন পর্যন্ত স্বাস্থ্যখাত সংস্কার না হবে তত দিন পর্যন্ত আন্দোলন চলবে।
আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমাদের সঙ্গে কথা না বলে সরকার ভুল করছে। স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে। এসে দাবি মেনে নিতে হবে। নয়তো আমাদের আন্দোলন থামানোর সাধ্য কারো নেই।
এদিকে আন্দোলনে একাত্মততা জানিয়ে সদর রোড স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় যান চলাচল বিঘ্নিত হয়।




