বোরহানউদ্দিনে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল

 

মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে উপজেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়, বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে যা জনসমুদ্রে রূপ নেয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পৌর বাজার, থানার মোড়, উপজেলা চত্বর, উত্তর বাসস্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সুলতানা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট দিনটি আমাদের বিজয়ের ইতিহাস। এ দিন দেশের জনগণ একটি নতুন স্বাধীনতা অর্জন করে। বিএনপি জনগণের দল এবং সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থী, শ্রমিক, কৃষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেছে। শহীদদের স্মৃতি আমাদের গৌরবের অংশ। আমরা আহতদের পাশে থেকেছি, শহীদ পরিবারের খোঁজখবর রাখছি এবং সবরকম সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মো. আজম, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, মনজুরুল আলম ফিরোজ কাজী, হুমায়ুন কবির সেলিম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব মো. জসিম উদ্দিন খান, পৌর বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান লিটন, গঙ্গাপুর ইউনিয়নের মাইনুদ্দিন কাজী ও পক্ষিয়া ইউনিয়নের জসিম উদ্দিন মাতব্বরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top