মুলাদী প্রতিনিধি
বরিশাল জেলার মুলাদী পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত চরডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় বহুদিন ধরে পরিত্যক্ত ভবনে পাঠদান পরিচালনা করে আসছে। সামান্য বৃষ্টিপাত হলেই বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ চুইয়ে পানি পড়ে। এছাড়াও বেঞ্চের অভাবসহ নানাবিধ সমস্যায় শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম বলেন, আমি প্রতি বছরই ভবনের জন্য আবেদন করে আসছি। এমনকি প্রতি মাসিক রিটার্নের সাথেও ভবনটিকে পরিত্যক্ত হিসেবে রিপোর্ট করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ভবন বরাদ্দ হয়নি।
বিদ্যালয়টিতে বর্তমানে ২১২ জন ছাত্র-ছাত্রী এবং ৯ জন শিক্ষক রয়েছে। বৃষ্টির দিনে শিক্ষার্থীদের একাংশ বিদ্যালয়ে আসতেই পারে না। যাঁরা আসে, তাঁদের বসতে হয় বারান্দায় বা ভেজা মেঝেতে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো: রেজাউল করিম বলেন, চরডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টি আমরা অবগত। ইতিমধ্যে এলজিইডি অফিসে ভবনের আবেদন পাঠানো হয়েছে। আমরা আশাবাদী, অচিরেই নতুন ভবনের কার্যক্রম শুরু হবে।
এলাকাবাসী দ্রুত বিদ্যালয়টির জন্য নতুন ভবনের নির্মাণকাজ শুরুর দাবি জানিয়েছেন।




