বানারীপাড়ায় আত-তাওহীদ অর্গানাইজেশনের অফিস উদ্বোধন 

 

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তরপাড় বন্দরের ঈদগাহ ময়দান ও মুসলিম গোরস্তান সংলগ্ন স্থানে উদ্বোধন হলো সামাজিক সংগঠন আত-তাওহীদ অর্গানাইজেশনের অফিস কার্যক্রম।

২৬ জুন, বৃহস্পতিবার বিকালে উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং দ্বীনি আবহে ঘেরা এ আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সমাজসেবক ও তরুণ উদ্যোক্তাগণ।

সংগঠনের দপ্তর সম্পাদক রুহুল আমীনের সঞ্চালনায় অতিথিবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে সমাজ ও দেশের কল্যাণে সংগঠনের ভূমিকাকে গুরুত্বের সাথে তুলে ধরেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বানারীপাড়া পৌরসভার আমির কাওসার হোসাইন বলেন, সমাজসেবা একটি মহৎ কাজ। আমাদের সকলেরই যেমন সমাজসেবায় আত্মনিয়োগ করা উচিত, তেমনি একইসঙ্গে প্রয়োজন, রাষ্ট্রীয়ভাবে দক্ষ, ন্যায়পরায়ণ ও আদর্শ সমাজকর্মী গড়ে তোলা।

বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম বলেন, সবাই যখন প্রচারে ব্যস্ত এই সময়েও আত-তাওহীদ অর্গানাইজেশন নিরবে-নিভৃতে মানুষের পাশে দাঁড়াচ্ছে, যা নিঃসন্দেহে এক প্রশংসনীয় উদ্যোগ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জিনিয়াস কোচিং সেন্টারের শিক্ষক আলাউদ্দিন আহমেদ, সমাজসেবক কাইয়্যুম বিল্লাহ মিঠু, ছাত্রনেতা সাব্বির হোসেন, অর্গানাইজেশন উপদেষ্টা ফেরদৌস আহমেদ রনি, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

সমপনী বক্তব্যে আত-তাওহীদ অর্গানাইজেশনের সভাপতি সোলায়মান খান বলেন, এই অর্গানাইজেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে কাজ করা, দ্বীনি দাওয়াতি কার্যক্রমে সক্রিয় থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top