টাইব্রেকারে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন পর্তুগাল

 

বরিশাল জার্নাল ডেস্ক :

ফাইনালের মঞ্চে যেমন উত্তেজনা থাকা দরকার তার সবটাই ছিল। পুরো খেলাজুড়েই ছিল শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। নির্ধারিত সময়ের খেলাতে আলাদা করা যায়নি কাউকে। খেলা শেষ হয় ২-২ সমতায়। ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়ালেও ব্যবধানে হেরফের হয়নি।

ধারণা ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে এই ম্যাচে। হয়েছেও তাই। তবে স্পেনকে এগিয়ে রেখেছিলেন অনেকেই। কিন্তু টাইব্রেকারে শেষ হাসি হেসেছে পর্তুগাল। স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে আবার নেশন্স লিগের শিরোপা জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তাতে প্রথম দল হিসেবে দুটি নেশন্স লিগ জয়ের কীর্তি গড়েছে পর্তুগাল।
২১ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্পেন। একটি লুজ বল পেয়ে ডান পায়ের দারুণ এক শটে পর্তুগালের জালে জড়িয়ে দেন মার্টন জুবিমেন্দি। ২৬ মিনিটেই গোলটি পরিশোধ করে দেন নুনো মেন্ডেজ। পেদ্রো নেতোর কাছ থেকে বল পেয়ে বক্সের বাম প্রান্ত থেকে জোরালে এক শট কাঁপিয়ে দেয় স্পেনের জাল। কয়েকজন ডিফেন্ডার চেষ্টা করেও থামাতে পারেনি মেন্ডেজকে। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে স্পেন এগিয়ে যায়। এবার গোল করেন মিকেল ওইয়ারজাবাল। ডান পাশ থেকে বলের জোগান দেন লামিনে ইয়ামাল। বল পেয়ে যান পেদ্রি। তিনি আলতো করে ঠেলে দিলে ওইয়ারজাবাল দারুণ এক শটে সেটিকে জড়িয়ে দেন পর্তুগালের জালে।
৬০ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল স্পেন। পরের মিনিটে দলকে সমতায় ফেরান পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। যা ছিল তার ১৩৮তম আন্তর্জাতিক গোল। মেন্ডেসের দিক বদলে যাওয়া ক্রস থেকে ক্লোজ রেঞ্জে ভলিতে জাল কাঁপাতে ভুল করেননি তিনি। ফলে খেলা শেষ হয় ২-২ গোলে।

চ্যাম্পিয়নশিপ নির্ধারণে ম্যাচটি গড়ালো টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করল পর্তুগাল। আর স্পেন অধিনায়ক আলভারো মোরাতার শট ঠেকিয়ে দিয়ে পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা হয়ে গেলেন শেষ মুহূর্তের নায়ক। রুবেন নেভেস ৫ম শটটি স্পেনের জালে জড়িয়ে দিতেই বিজয়ের উল্লাসে মেতে ওঠেন পর্তুগিজ ফু্টবলাররা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top