বানারীপাড়ায় কালবৈশাখীর তাণ্ডব

 

মাহমুদুল হাসান, বানারীপাড়া :  সোমবার দুপুর থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বরিশালের বানারীপাড়া উপজেলা। দুপুরের পর থেকেই আকাশ মেঘে ঢেকে যায় এবং হালকা বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড ঝড়ো হাওয়া। অল্প সময়ের মধ্যেই ঝড়ের তাণ্ডবে উপজেলার শহর ও গ্রামীণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঝড়ের কারণে শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। বিদ্যুৎ সঞ্চালন লাইনে গাছ পড়ায় পৌরসভা এলাকাসহ আশপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বানারীপাড়া পৌরসভার মোল্লাবাড়ি এলাকার পুরনো ব্রিজটি ঝড়ের দাপটে ভেঙে পড়ে, ফলে ওই অঞ্চলের মানুষদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ ছাড়া বানারীপাড়া খেয়াঘাটে পারাপারের সময় প্রচণ্ড বাতাসে একটি মোটরসাইকেল নদীতে পড়ে যায়। তবে চালক প্রাণে রক্ষা পান, যদিও মোটরসাইকেলটি নদীতে তলিয়ে যায়।

উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য ঘরবাড়ির টিনের ছাউনি উড়ে গেছে। অনেক পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বাজার এলাকার বহু ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ঝড়ের পর পরিস্থিতি স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ সম্মিলিতভাবে কাজ শুরু করেছে। তবে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে এ ধরনের ভয়াবহ কালবৈশাখী ঝড় বানারীপাড়ায় দেখা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে মাঠ পর্যায়ে জরিপ শুরু করেছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top