নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে ব্যবসায়ীর জমি দখলে নিয়েছেন ওয়ার্ড বিএনপি সভাপতি আল আমিন। শনিবার বিকেলে চরমাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী মুজাহিদ বলেন, চরমাদ্রাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক জমাদার তার সহযোগী মোসলেহউদ্দিন (ধলু), জাহের (রঙ মিস্ত্রি) এবং ফিরোজের (রঙ মিস্ত্রি) মাধ্যমে বিগত ১৫ বছর আমাদের পৈতৃক সম্পত্তি দখল করে রাখে। গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মোজাম্মেল জমাদারও পালিয়ে যান। এতে আমরা জমি ভোগদখল করতে শুরু করি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মোসলেহউদ্দিন (ধলু) নতুন ফন্দি আঁটে। বিএনপি নেতা আল আমিন (৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি) ও সেলিমের মাধ্যমে ফের আমাদের জমি দখলে নেয়।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে হঠাৎ দলবল নিয়ে হাজির হয় আল আমিন ও সেলিম। এরপর তারা ত্রাস সৃষ্টি করে ভাঙচুর চালায় এবং জমি তাদের দখলে থাকবে বলে ঘোষণা দেয়। জমির মালিকদের ইউনিয়ন বিএনপি সভাপতি ডা. মোহাম্মদ সিরাজের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আল আমিন বলেন, জমি আমার নিয়ন্ত্রণে নিয়েছি তবে আমি ভাঙচুর করিনি। ধলুর লোকজন ভাঙচুর করতে পারে। জমির মালিকদের ইউনিয়ন বিএনপি সভাপতির সঙ্গে যোগাযোগ করতে বলেছি।
ইউনিয়ন বিএনপি সভাপতি ডা. মোহাম্মদ সিরাজ বলেন, এ ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই, আমি কিছু জানি না। আল আমিন কেন আমার নাম ব্যবহার করলো জিজ্ঞেস করব। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার মুঠোফোনে কল করা হলে তারা রিসিভ করেননি। চরফ্যাশন থানার ডিউটি অফিসার জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।




