মোঃ হানিফ সরদার গৌরনদী (বরিশাল) : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা রাজনৈতিক নেতারাতো দর্শক সারিতে বসতে চাই না। আমি যেহেতু রাজনৈতিক নেতা, আমার একটা সিংহাসন লাগবেই। এই মনোজগতই কিন্তু নষ্ট করে দিয়েছে আজকের বাংলাদেশে রাজনীতি, সমাজ, অর্থনীতি, সাংস্কৃতিসহ সামগ্রীক ইকো সিস্টেমকে। এই ফ্যাসিষ্ট মনোজগত, এই সাইকো সিষ্টেম, এটাই হচ্ছে একটা দেশ ও জাতির ধংসের সবচাইতে বড় কারণ।
শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মাধ্যামিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, এই সিষ্টেম কিভাবে একটা দেশ ও জাতিকে ধংসের দিকে নিয়ে যায়, তার সর্বশেষ প্রমাণ আমরা পেয়েছি গত ৫ আগষ্টের শিখন্ডি সরকার প্রধানের বিদায় পর্বের মধ্যদিয়ে। যে দৃশ্য সেদিন আমরা সোস্যাল মিডিয়াতে দেখেছি, ওটা দেখেই আমরা বুঝেছি যে, তার সর্বশেষ পরিণতি কি দাড়ায়।
তিনি বলেন, একটা দেশের সবচাইতে বড় সম্পদ হচ্ছে তার সৎ রাজনৈতিক নেতৃত্ব। পৃথিবীতে এমন একটা দেশ আছে তাদের অনেক সম্পদ, কিন্তু শুধুমাত্র অসৎ রাজনৈতিক নেতৃত্বের কারনে পুরা দেশ আজকে পৃথিবীর দরিদ্রের তালিকার মধ্যে এখনও বসে আছে। আমাদের দেশের বয়স হয়ে গেছে ৫৩ বছর। এত বছর হয়ে গেল এখনও এই পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের এই পুর্নমিলনী অনুষ্ঠানটি ভালো হবে কি হবে না, তার জন্য নির্ভর করতে হয় জাতীয় রাজনীতির পরিবর্তন হবে কি হবে না তার উপর।
পিঙ্গলাকাঠী মাধ্যামিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট জিয়াউল হক বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত পূনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশালের অতিরিক্তি ডিআইজি নাজিমুল হক, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব আব্দুর রহিম আকন, মহাদেব বসু, জনপ্রীয় টিভি অভিনেতা মোশারফ করিম, বরিশাল অমৃতলাল দে কলেজের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী।
বক্তব্য রাখেন, আবু বক্কর গাঁজী, মোঃ জামাল ফকির, সাইয়েদুল আলম খান সেন্টু, মোঃ কামরুজ্জামান খোকন, মো. শামীম খলিফা, মো. ফুয়াদ হোসেন এ্যানী প্রমুখ।




