কোনো দলের পক্ষে-বিপক্ষে নই আমরা : সিইসি

বরিশাল জার্নাল ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না। ইসির বদনামের সবচেয়ে বড় কারণ রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া বলেও মন্তব্য করেন তিনি। নাসির উদ্দিন বলেন, আমরা কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না।

‘আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন,’ বলেন তিনি।

নির্বাচন কমিশনের খবর সংগ্রহে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সিইসি নাসির। রোববার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিইসি বলেন, ‘সব জায়গায় মতবিরোধ থাকবে। ভিন্নমত মানেই বিপক্ষে না। একই বিষয়ে ভিন্নমত থাকবেই। এটা সহজ হিসাব। এই জিনিসটা অনেকে মানতে পারে না। তবে মানার বিষয়ে আমার অভ্যাস আছে। আমাকে নিয়ে সমালোচনা করলে ধরে নেব কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে, তখন নিজেকে শুধরে নেব।’

তালে তাল মেলানোর সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই তালিয়া বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়েছে। তালিয়া বাজানো আমাদের ভুলে যেতে হবে। সব বিষয় বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে। একজন একটা কথা বলল, আর আমি তালি বাজাতে থাকলাম- এটা যাতে না হয়,’ বলেন সিইসি।

রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে নির্বাচন কমিশনের বদনাম হয়েছে মন্তব্য করে নাসির উদ্দিন বলেন, ‘ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয়, এটা কেন হলো? ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো- পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন। এটি আমার কাছে মনে হয়েছে সবচাইতে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া, এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ।

নির্বাচন কমিশনের উপর আস্থা ফেরাতে রাজনীতিকদের প্রভাব বিস্তার বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন সিইসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top