বরিশাল জার্নাল ডেস্ক
আবারো কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাষ্ট্র করার বিষয়ে কথা বললেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি একটি দারুণ আইডিয়া এবং অটোয়ায় রাজনৈতিক সঙ্কট চলার কারণে অনেক কানাডীয় এই বিষয়টিকে স্বাগত জানিয়েছে।
বুধবার নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, প্রচুর কানাডীয় নাগরিক কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম স্টেট হিসেবে দেখতে চায়। এর ফলে তাদের ট্যাক্স ও সামরিক ব্যায়ের খাতে প্রচুর অর্থ বাঁচবে। আমারও মনে হয় আইডিয়াটি চমৎকার।
এই প্রথম ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র বানানোর কথা বলেননি। এর আগে নভেম্বর মাসে ফ্লোরিডার রিসোর্টে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সাক্ষাৎকালে তিনি বিষয়টি নিয়ে প্রথম কথা বলেন। যদিও বিষয়টিকে তখন সবাই কৌতুক হিসেবে নিয়েছিল।
নভেম্বরের ওই বক্তব্যের পর ট্রাম্প অনেকবারই ট্রুডোকে গভর্নর অব কানাডা সম্মোধন করেছেন, যেমনটা করা হয় যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাষ্ট্রের গভর্নরদের ক্ষেত্রে।
তবে রাজনৈতিক মতবিরোধের কারণে সোমবার কানাডার উপপ্রধানমন্ত্রী পদত্যাগ করার পর বিষয়টি আলোচনায় আসে এবং ট্রাম্পও বিষয়টি নিয়ে আবারও কথা বলেন। জনমত জরিপ সংস্থা লেজার জানিয়েছে, ১৩ শতাংশ কানাডীয় নাগরিক তাদের দেশকে প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করার পক্ষে মত দিয়েছেন।
মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ট্রাম্প বলেছেন, দুটি জাতি এক হয়ে গেলে শুধু ফেন্টানিল চোরকারবারই থামবে না, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অভিবাসনও বন্ধ হবে। কয়েকদিন আগে ট্রাম্প ঘোষণা করেছেন কানাডা থেকে ফেন্টানিল আমদানির ওপর তিনি ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করতে চান।
তবে ট্রাম্পের এই বক্তব্যকে উদ্বেগজনক হিসেবে দেখছেন কানাডার সরকারি কর্মকর্তারা। তারা বলছেন, এটি শুধু কৌতুকই নয়, নতুন মার্কিন নেতার পক্ষ থেকে এটি কানাডার স্বার্বভৌমত্বের ওপর সুক্ষ হুমকিও।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড




