স্বৈরাচার পালালেও তাদের ষড়যন্ত্র চলছে : তারেক রহমান

বরিশাল জার্নাল ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সকল নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা চলমান রাখতে পারি তবেই দেশকে আমরা সামনে এগিয়ে নিতে পারবো। তাহলেই আমরা দেশের মানুষকে নিরাপদ রাখতে পারবো।

মঙ্গলবার সিলেটে আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক দিনব্যাপী তৃতীয় বিভাগীয় কর্মশালা ২০২৪-এ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বৈরাচার পালালেও দেশে এখনও তাদের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু তার দোসর রয়ে গেছে। সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। কারণ বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে।

তারেক রহমান বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন করা সকল দলের পক্ষ থেকে ৩১ দফা ঘোষণা করা হয়েছে। এটির মধ্যে রাষ্ট্রকাঠামোর অধিকাংশই আছে। আরো যত প্রস্তাব আসবে তা যুক্তি সংগত হলে যুক্ত করা হবে।

তারেক রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্র চলার পথে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত হয়েছে। বিগত ১৬ বছরে বহু মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন। জুলাই-আগস্টে দেড় হাজারেরও বেশী মানুষ শহিদ হয়েছেন। জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে এই প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব। গণতন্ত্রের ধারাবাহিকতাকে বজায় রাখলে জবাবদিহিতা তৈরি হবে। এজন্য যেকোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব।

সিলেট নগরীর জেলা শিল্পকলা অডিটোরিয়াম মিলনায়তনে বিএনপি’র বিভাগীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছের সভাপতিত্বে ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সহ কয়েকজন নেতার ৩১ দফা কর্মসূচির উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top