মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
মেহেন্দিগঞ্জের ধুলখোলা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মতিন খান (৭৬) কে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওই ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সরদারের ছেলে আল আমিন এর বিরুদ্ধে। এই ঘটনার ৪ ঘন্টার মাথায় ছেলেকে মাদকাসক্ত সাজিয়ে রিহ্যাবে (মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র) রেখে আসেন তার বাবা।
ঘটনাটি ঘটেছে, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধুলখোলা ইউনিয়নে গত বুধবার (২০ নভেম্বর) গভীর রাতে।
ঘটনার রাতে আব্দুল মতিন খান তাহাজ্জুদ নামাজ পড়তে ওজু করার জন্য ঘর থেকে বের হলে উৎপেতে থাকা আল আমিন এলোপাথারি পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। চোখেও যখম হয়। আহতকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। হামলাকারী আল আমিন ওই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সরদার এর ছেলে।
আহতের ভাতিজা নজরুল ইসলাম বলেন, মামলা ও গ্রেফতার এড়ানোর জন্যই ছেলেকে মাদকাসক্ত প্রমাণের চেষ্টা করছেন তার বাবা।
জানা গেছে, বরিশালের সর্বাধুনিক মাদকাসক্তি ও মানসিক রোগ চিকিৎসা কেন্দ্রে হামলাকারী ছেলেকে রেখে আসেন তার বাবা।
প্রতিবেশীরা বলেন, রাজ্জাক সরদারের সন্ত্রাসী ছেলে আল আমিন, দীর্ঘদিন এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে এলেও শাসন করেননি তার পিতা আব্দুর রাজ্জাক। পিতার আস্কারা পেয়ে ছেলে ভয়ংকর সন্ত্রাসী হয়ে উঠে। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যকে মারধর করার ঘটনায় ছেলেকে বাঁচাতে মাদকাসক্ত সাজিয়ে রিহ্যাবে রেখে আসেন তার বাবা।
আহতের ছেলে শফিকুল ইসলাম খান বলেন, আমার বাবার উপর হামলার ঘটনাটি ধামাচাপা দিতে ছেলেকে মাদকাসক্ত সাজিয়ে রিহ্যাবে দিয়ে আসেন তার বাবা আব্দুর রাজ্জাক সরদার। হামলাকারীরা আলীগঞ্জ পশ্চিম বাজারের ১২থেকে ১৪টি পরিবারের জমি জবরদখল করে নেওয়ার পায়তারা করে যাচ্ছেন, যা আমার বাবা বাঁধা হয়ে দাড়াচ্ছেন। সেই সুত্রধরেই বাবাকে পিটিয়ে গুরুতর আহত করে।
শফিকুল ইসলাম আরো বলেন, রাজ্জাক সরদারের আপন দুই ভাই আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থেকে এলাকায় খুন, জখম, চাঁদাবাজি এবং ডাকাতি করেছিলেন, তাদের বিরুদ্ধে খুন যখম এবং চাঁদাবাজির ঘটনায় একাধিক মামলা রয়েছে। এখন তারা রাজ্জাক সরদারের ছত্রছায়ায় স্বরূপে ফিরেছেন এবং বেপরোয়া হয়ে যাচ্ছেন।
প্রতিবেশী রওশনারা বেগম বলেন, আল আমিন এলাকায় অনেক নারীদের উত্যক্ত করে আসছে কিন্তু তার বাবা-মা শাসন না করায় সে বেপরোয়া হয়ে গেছে, এখন ছেলেকে পাগলা গারদে দিয়ে ঘটনাটি ভিন্নখাতে নিচ্ছেন।
অভিযুক্ত আল আমিন এর বাবা আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, আমার ছেলের মানসিক সমস্যা আছে। তাই মতিন খানকে মারধর করেছে, ছেলের অত্যাচার আর নির্যাতন সহ্য করতে না পেরে তাকে বরিশাল রিহ্যাবে দিয়ে আসছি। আমার ছেলে কয়েকবার আমাকে এবং আমার স্ত্রীকে মারধর করার চেষ্টাও করছে। এলাকায় কয়েকদিন পরপর ঝামেলা সৃষ্টি করে বেড়ায় সে।




