আ.আহাদ ,তজুমদ্দিন (ভোলা)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সহস্রাধিক প্রাণের বিনিময়ে দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এ স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে হলে জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণের সরকার গঠন করতে হবে। নচেৎ দুর্বল সরকার আওয়ামী ষড়যন্ত্রের কাছে পরাস্ত হবে।বিপ্লবের উদ্দেশ্য ব্যাহত হবে।
রবিবার (১৭ নভেম্বর) ভোলার তজুমদ্দিন উপজেলা, সরকারি কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের দুই হাজার নেতাকর্মী নিহত হয়েছে।এত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিপ্লবের ফসল ঘরে তুলতে হলে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শেখ হাসিনাকে খুশি করতে এদেশের প্রশাসন, পুলিশ দেশকে ধ্বংস করে গিয়েছে। গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা চাইলে অবশ্যই জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
উপজেলা ছাত্রদলের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তাফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। এছাড়াও উপজেলা, কলেজ ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




