মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর ফরাজি (৪৮) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে মির্জাগঞ্জ উপজেলার উত্তর সুবিদখালী এলাকার নিজ বাসা থেকে জাহাঙ্গীর ফরাজিকে আটক করা হয়।
আটকৃত জাহাঙ্গীর ফরাজী মির্জাগঞ্জ উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মৃত মোতালেব ফরাজীর পুত্র। মির্জাগঞ্জের দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ জাহাঙ্গীর ফরাজীর বাড়ি বসতঘর তল্লাশি করা হয়। এ সময় বাড়ির ভিন্ন কক্ষ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় জাহাঙ্গীর ফরাজী বাসায় উপস্থিত ছিল। অস্ত্র উদ্ধারের পরে তাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়েই এই অভিযান পরিচালিত হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ শামীম আহমেদ জানান, আটককৃত জাহাঙ্গীর ফরাজীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।




