ফেঁসে যাচ্ছেন অমিত শাহ

বরিশাল জার্নাল ডেস্ক

এবার কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হত্যার ষড়যন্ত্রের জন্য ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করলো কানাডার সরকার। রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত অমিত শাহকে দায়ী করে মঙ্গলবার প্রকাশ্যে বক্তৃতা দিয়েছেন কানাডার এক শীর্ষ কর্মকর্তা।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট সর্বপ্রথম এ বিষয়ে সংবাদ প্রকাশ করে। খবরে বলা হয়, কানাডার কর্মকর্তারা দেশটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে সহিংসতা চালানোর পেছনে অমিত শাহ রয়েছেন বলে নিশ্চিত হয়েছেন। কানাডার জাস্টিন ট্রুডো সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন মঙ্গলবার একটি পার্লামেন্টারি প্যানেলকে জানান, এই ষড়যন্ত্রে অমিত শাহের যুক্ত থাকার বিষয়টি তিনি যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন।

মন্ত্রী বলেন, সাংবাদিক আমার কাছে জানতে চায় অমিত শাহ সেই ব্যক্তি কি না, আমি নিশ্চিত করেছি যে তিনিই সেই ব্যক্তি। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোন তথ্য উল্লেখ করেননি ডেভিড মরিসন।

কানাডার ভারতীয় হাইকমিশন কিংবা নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোন মন্তব্য করা হয়নি। তবে এর আগে ভারত সরকার তাদের বিরুদ্ধে শিখ নেতাদের হত্যায় জড়িত থাকার সব অভিযোগকে অস্বীকার করেছে।

শিখ বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাসী আখ্যায়িত করে ভারত এবং দেশের জন্য নিরাপত্তা হুমকি হিসেবে তাদের চিহ্নিত করে থাকে। শিখ বিচ্ছিন্নতাবাদীরা পাঞ্জাব প্রদেশসহ আশপাশের কিছু এলাকা নিয়ে স্বাধীন খালিস্তান রাষ্ট্র গঠনের লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে আশির দশক থেকে।

২০২৩ সালে কানাডায় শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারের হত্যাকা-ের বিষয়ে প্রথম ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর জের ধরে অক্টোবরের মাঝামাঝি কিছু ভারতীয় কূটনীতিককে বহিষ্কারও করা হয় দেশটি থেকে।

এছাড়া যুক্তরাষ্ট্রে মাটিতেও এক শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয় ভারতীয়দের বিরুদ্ধে। ভারতের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে এ অভিযোগে দোষী সাব্যস্ত করেছে ওয়াশিংটন। তবে শিখদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকায় ভারতীয় কোন শীর্ষ নেতার নাম এই প্রথম সামনে এলো। কানাডার সরকার এবার সরাসরিই অমিত শাহকে এ জন্য দায়ী করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top