বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
মা ইলিশ রক্ষা অভিযানেকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জেলেদের হামলায় পুলিশসহ ৫ জন আহত হয়েছেন। ২৭ অক্টোবর রবিবার বিকেলে উপজেলার গংগাপুর ইউনিয়নের সীমান্তবর্তী তেতুলিয়া নদীতে এ ঘটনাটি ঘটে।
বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জানান, ২৭ অক্টোবর রবিবার বিকেলে তেতুলিয়া নদীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ সময়ে মা ইলিশের শিকারের অভিযোগের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকা অবস্থায় ২টি নৌকায় প্রায় ২০-২৫ জন জেলেকে ইলিশ ধরতে দেখা যায়।
তাদেরকে ধরতে সঙ্গে থাকা ৩ জন পুলিশ সদস্য ও নিরস্ত্র ৫ জন কর্মকর্তা-কর্মচারী মিলে দুটি দুর্বৃত্ত দলকে তাড়া করার সময় পুলিশ সদস্যসহ আমাদের উপর আক্রমণ করে জেলেরা। আক্রমণে এএসআই মোঃ হেলাল কাধেঁ বৈঠার আঘাত পায় হয় ও একজন কনস্টেবল এর আঙুল ফেটে যায়।
ওই পরিস্থিতিতে কম জনবল হওয়া সত্বেও সাহসীকতার সাথে দুর্বৃত্তদের তাড়া করে ২টি নৌকা জব্দ ও একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠানো হয় এবং বেশিরভাগ অপরাধী পালিয়ে যাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা মৎস কর্মকর্তাকে, ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহানউদ্দিন থানা বরাবর লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়।




