বরিশাল জার্নাল ডেস্ক
হিজবুল্লাহর ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেডরুম। এমনটাই জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। গত শনিবার হিজবুল্লাহর ড্রোন দেশটির রাজধানী তেল আবিবের উত্তরের শহর কায়সারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় নেতানিয়াহুর বাড়ির বেডরুমের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। সংবাদমাধ্যমগুলো সেই ক্ষতিগ্রস্ত জানালার ছবিও প্রকাশ করেছে। ছবিতে দেখা যায় জানালার পাশে থাকা তিন চারটি সৌন্দর্য বর্ধক গাছা নষ্ট হয়ে গেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন দেশটির প্রতিরক্ষাবাহিনী আইডিএফের বরাত দিয়ে বলা হয়, শনিবার সকালে ভূমধ্যসাগর উপকূলবর্তী শহর কায়সারিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। লেবানন থেকে তিনটি ড্রোন পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইডিএফ জানায়, এসব ড্রোনের মধ্যে একটি কায়সারিয়ায় নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্যবস্তু করেছিল।
ওই হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, হামলার সময় নেতানিয়াহু ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। এ ছাড়া এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্ত জানালার একটি ছবি প্রকাশ করেছে ইসরাইলি গণমাধ্যমগুলো।
ইসরাইলি বাহিনীর হাতে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নেতানিয়াহুর বাসভবনে হামলা চালায় হিজবুল্লাহ। ইসরাইলি এয়ারডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে একটি ড্রোন বাড়িতে আঘাত হানে।




