বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে দুজন। পরে তাদের জেলহাজতে পাঠিয়েছে আদালত। আটকৃতরা হলেন, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত আঃ মালেক খানের ছেলে ভূয়া সাংবাদিক মোঃ মুরাদ আলী ইমন ওরফে তসলিম (৪৫)। অন্যজন রহমতপুর ইউনিয়নের খানপুরার বাসিন্দা মৃত আফসার উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ শাহাজাহন হাওলাদার (৫০)।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা রাতে উপজেলার রহমতপুর ইউনিয়নের লামচর আবাসন এলাকায় স্থানীয় জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় (২২ অক্টোবর) বাবুগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন ভুক্তভোগী ফালান মোল্লা। মামলায় গ্রেফতারকৃত দুইজনসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করা হয়। এজাহার সূত্র জানাযায়, মুরাদ আলী ইমন ওরফে তসলিম ও শাহাজাহন হাওলাদারসহ ৭/৮ জনের একটি প্রতারকচক্র গত ২০ অক্টোবর রহমতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ লামচর ক্ষুদ্রকাঠী গ্রামের আশ্রায়ন প্রকল্পের ঘরে গিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে দশ হাজার টাকা চাঁদা নিয়ে যায়।
একই চক্র সোমবার (২১ আগষ্ট) সন্ধ্যায় ওই আশ্রায়নে ঘরে গিয়ে আরো ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগিতায় তাদের মধ্যে দুইজনকে আটক করা হয়। বাকিরা কৌশলে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
উল্লেখ্য ২০১৯ সালের ১৮ অক্টোবর বরিশালের কীর্তনখোলা নদীতে ইলিশ ধরতে গিয়ে বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের হিজলা গ্রামের ইমন ওরফে তসলিম গ্রেফতার হয়। তখন তাকে ১ বছরের জেল দিয়েছিলো জেলা প্রশাসন। এরপর থেকে তা বিরুদ্ধে ধর্ষণ, চুরি, ইভটেজিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।




