শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করায় গৌরনদীতে শিক্ষকের নামে থানায় অভিযোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করায় কওমী মাদ্রাসার এক শিক্ষকের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার চাঁদশী গ্রামের জামিয়া মোহাম্মাদিয়া মাজেদিয়া মাদ্রাসার প্রথম জামায়াতের শিশু শিক্ষার্থী আয়শা ইসলাম (০৮) গত ১৪ অক্টোবর সকালে শ্রেণিকক্ষে বসে কাঠ পেন্সিলের লেখা মোছা রাবারের (ইরেজার) ওপর আকিঁ বুঁকি করছিল। ঘটনা দেখে ক্ষিপ্ত হয়ে শিক্ষক বেলাল হোসেন তার হাতে থাকা গাব গাছের ডালের লাঠি দিয়ে পিটিয়ে শিশু শিক্ষার্থী আয়শা ইসলামকে গুরুতর আহত করে।

বাড়ি ফিরে ওই শিক্ষার্থী যন্ত্রনায় ছটফট করলে তার বাবা-মা তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।

এরপর শিশু শিক্ষার্থীর পিতা উপজেলার দক্ষিন চাঁদশী গ্রামের রিকশাভ্যান চালক আনিস সিকদার শিক্ষক বেলাল হোসেনের সামাজিকভাবে বিচার চেয়ে এলাকার প্রভাবশালীদের দ্বারে দ্বারে ধরনা দেন। এতে কোন সাড়া না পেয়ে শিক্ষার্থীর মা রুমা বেগম বাদি হয়ে ঘটনার জন্য আইনগত সহয়তা চেয়ে রোববার দুপুরে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক মোঃ বেলাল হোসেনের ০১৭১৩৯৫০০** নম্বরের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top