বরিশাল জার্নাল ডেস্ক
ইচ্ছাকৃত উস্কানি ও আঞ্চলিক শান্তি প্রক্রিয়া নষ্ট করার জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। গাজা, পশ্চিম তীর ও লেবাননে চলমান ইসরাইলি আগ্রাসনের প্রসঙ্গে তিনি একথা বলেন।
টেকনোফেস্ট নামে তুরস্কের প্রযুক্তি বিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, যতবার আমরা যুদ্ধবিরতি এবং আঞ্চলিক শান্তির কাছাকাছি পৌছেছি, ইসরাইল ততবারই নতুন করে উস্কানি দিয়েছে। আমাদের অঞ্চলকে শোকে নিমজ্জিত করতে তারা সব উপকরণই ব্যবহার করছে।
গাজা ও লেবাননের বাইরেও যুদ্ধকে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ইসরাইলের আছে বলে সতর্ক করে দিয়ে তিনি বলেন, একটি অশুভ পরিকল্পনার বাস্তবায়ন চলছে। যেটা শুধু গাজা, পশ্চিম তীর ও লেবাননে সীমাবদ্ধ থাকবে না। ইসরাইলের মূল উদ্দেশ্য কী তা বোঝা কঠিন কিছু নয়।
বক্তৃতায় বিভিন্ন দেশে ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে তিনি এসব হত্যাকা-কে রাষ্ট্রীয় উন্মাদনা হিসেবে আখ্যায়িত করেন। ইসরাইলকে অব্যাহত সমর্থন দিয়ে যাওয়ার জন্য পশ্চিমাদের সমালোচনা করে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো যেভাবে এই গণহত্যাকে সমর্থন করছে, সেটিও অত্যন্ত বেদনাদায়ক।
যারা ইসরাইলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে তারা এই গণহত্যায় সমানভাবে দায়ী বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, যারা বোমা সরবরাহ করছে এবং যারা বোমা ফেলছে তাদের উভয়ের হাতেই লেগে আছে প্রতিফোটা রক্তের দাগ।
সাইকস-পিকট চুক্তির মতো আরেকটি চুক্তি করে মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার চেষ্টা হলে তা এই অঞ্চলের মানুষ মেনে নেবে না বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে ভাগ করার চেষ্টা কিছুতেই গ্রহণযোগ্য হবে না।
তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, প্রথমে হামাসকে অজুহাত বানিয়ে ইসরাইল গাজা দখল করেছে, এখন হিজবুল্লাহকে অজুহাত বানিয়ে লেবানন দখলের চেষ্টা করছে।




