জিব্রান কাদির, উজিরপুর (বরিশাল)
বরিশালের উজিরপুরের বামরাইলের সানুহার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের সিঁড়িতে তিনটি হাতে তৈরি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে মোটর বাইকে নিয়ে অজ্ঞাত ৩ ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ৩ আজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে করে গ্রামীণ ব্যাংকের সানুহার শাখা কার্যালয়ের সামনে আসে। পরে তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা কার্যালয়ের সিঁড়ির ওপর বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু গ্রামীণ ব্যাংক নয়, উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও পুলিশের নজরদারির আওতায় আনা হয়েছে। এসব স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।




