প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ, নোটারির মাধ্যমে বিয়ে

বরিশাল জার্নাল ডেস্ক

প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বরিশালের গৌরনদীতে ছুটে এসেছেন সোরঠিয়া ফাইজান শাহ ওরফে হামজা (২০) নামের এক তরুণ। পরে নোটারি পাবলিকের মাধ্যমে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের মাহি আক্তার (১৭) নামের এক কিশোরীকে বিয়ে করেছেন।

ভারতীয় তরুণের বাংলাদেশে আসা এবং বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাইজান শাহ ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে। অন্যদিকে মাহি আক্তার পশ্চিম চন্দ্রহার গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে এবং বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্রী।

বুধবার মাহির পরিবারের সদস্যরা জানান, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসে গুজরাটের বাসিন্দা ফাইজান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহির মা ও ছোট ভাই তাকে গ্রহণ করে বরিশালে নিয়ে আসেন। পরের দিন ২৩ নভেম্বর বরিশালের একজন আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে এবং একজন মৌলভীকে ডেকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

পরে জামাতা হিসেবে ফাইজানকে বাড়িতে নিয়ে আসেন মাহির পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে মাহির মা শামীমা আক্তার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মাহি আক্তার জানায়, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার বড় ভাইয়ের ইনস্টাগ্রামের বন্ধু ফাইজান শাহর সঙ্গে প্রায় দেড় বছর আগে তার পরিচয় হয়।

একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পারে। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তারা যোগাযোগ অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় বিয়ের উদ্দেশ্যে গত ২২ নভেম্বর ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন ফাইজান।

মাহি আরও জানায়, গত এক বছরে প্রেমিকের কাছ থেকে এবং সিনেমা দেখে সে হিন্দি ভাষা শিখেছেন। ফলে তাদের মধ্যে এখন আর ভাষাগত কোনো সমস্যা নেই। পরিবারের সদস্যরাও কমবেশি হিন্দিতে কথা বলতে পারেন। ফাইজান বাংলাদেশে থেকে যেতে চান বলেও মাহি জানিয়েছে।

ভারতীয় তরুণ ফাইজান শাহ জানায়, তার বাবা গুজরাটের রাজুলা এলাকায় ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো। তাদের প্রেমের বিষয়টি তার পরিবার স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে।

এ কারণে ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে সে বাংলাদেশে এসেছে। বাকি জীবন স্ত্রীর সঙ্গে বাংলাদেশেই কাটাতে চান। শ্বশুরবাড়িতে এসে তিনি বেশ আনন্দিত বলেও সে উল্লেখ করেন।

মাহির মা শামীমা আক্তার বলেন, মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। একপর্যায়ে উপায়ন্তর না পেয়ে ভারতীয় তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয়সহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top