ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

বরিশাল জার্নাল ডেস্ক

ঢাকা কলেজের ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৬ শিক্ষার্থীর মধ্যে একজনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য তাসাররুফ তুহিনের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। আজ শনিবার এমন দাবি করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিব হাওলাদার শিহাব।

এর আগে গতকাল রাতে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৬ শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। আটকরা হলেন— আপেল মাহমুদ (২০), সাদ মিরাজ খান (২০), আরাফাত মুরসালিন পিয়াস (২০), মো. মিনার (২০), রায়হান আহমেদ নাহি (১৮) ও শিখন হোসেন (১৭)। তাদের মধ্যে শিখন ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। অন্য বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত।

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিব হাওলাদার শিহাব দাবি করেন, আটক শিখনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদল নেতা তাসাররুফ তুহিনের যোগাযোগ ছিল। তিনি বলেন, ‘তুহিন আটক শিক্ষার্থী শিখনকে ককটেল সরবরাহ করেছেন এবং তাদের মধ্যে ফোনে একাধিকবার যোগাযোগ হয়েছে। আটকের ২০ মিনিট আগেও তুহিন ফোন করেছিলেন শিখনকে।’

তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেদের ককটেল সরবরাহ করেছেন ছাত্রদল নেতা তুহিন। ওই ককটেল ঢাকা কলেজের হলে বিস্ফোরণ ঘটিয়েছেন তারা।’

শিহাবের ভাষ্য, তুহিনের সঙ্গে ওই শিক্ষার্থীর কিছু ভিডিও ও ছবি রয়েছে। আমরা শিখনকে জিজ্ঞেস করেছিলাম, ছাত্রদলের তুহিনকে জড়িয়ে অভিযোগ করার পেছনে তার কী প্রমাণ আছে। সে আমাদের ফোনে কল আসার তথ্য ও ছবিগুলো দেখিয়েছে। ধারাবাহিকভাবে ফোন দেওয়ার তথ্য পাওয়া গেছে। ওই শিক্ষার্থী ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করেছে।’

অভিযোগের বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদল নেতা তাসাররুফ তুহিনের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এ ঘটনায় ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, আটক শিক্ষার্থীদের থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার মূল রহস্য ও জড়িতদের পরিচয় উদ্‌ঘাটন করবে।

তিনি আরও বলেন, আটক শিক্ষার্থীদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালে ইন্টারমিডিয়েট পাস করা কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে শিখন নামের এক শিক্ষার্থী রয়েছেন, যাকে আগেই বিজয়-২৪ হল থেকে বহিষ্কার করা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

নিউমার্কেট থানার ওসি আইয়ুব আলী বলেন, ‘গত রাতে ঢাকা কলেজে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় হলের শিক্ষার্থীরা কয়েকজন সন্দেহভাজন শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত দল কাজ করছে।’

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top