ইউএনওর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে উজিরপুরে মহাসড়ক অবরোধ

জিব্রান কাদির, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
সকাল ১১টার দিকে উজিরপুর বাজার থেকে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদার কমরেডের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইচলাদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার শত শত নারী-পুরুষ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন শুরু করেন।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন চরমোনাই কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মুফতি মাওলানা মো. মাসুদ হাসান ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মো. ইউসুফ এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদার কমরেড।

বক্তারা বলেন, ইউএনও মো. আলী সুজা দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলা প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়েছে। গ্রামীণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ ছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।

বিক্ষোভকারীরা জানান, সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও উজিরপুরে তার শুরু করা উন্নয়নমূলক কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে তাকে আরও কিছুদিন এ কর্মস্থলে রাখা জরুরি। একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তাকে এ মুহূর্তে হারাতে চান না বলে তারা অবিলম্বে বদলির আদেশ বাতিলের দাবি জানান।

এদিকে মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী ও চালকেরা। পরে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলামের অনুরোধে অবরোধ তুলে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top