ক্রীড়া ডেস্ক
জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরির গন্ধ পেতে শুরু করেছিলেন লিটন দাস। তবে দিনের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লিটনকে।
৮৮তম ওভারে মার্কো ইয়ানসেনকে পুল শটে ছক্কা হাঁকিয়ে পকেট থেকে কিছু একটা বের করলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার। ক্যামেরার লেন্সের মনোযোগ তখন তার চিরকুটে। খেলা দেখতে আসা উৎসুক দর্শকও তখন অপেক্ষায়, কী লেখা আছে লিটনের চিরকুটে? শুধু কি গ্যালারির দর্শকরদেরই? না, বোকাবাক্সের দর্শকেরও দৃষ্টি ছিল তার চিরকুটে।
সেঞ্চুরির মতো অবশেষে সেই অপেক্ষায় ফুরাল। লিটন তার চিঠি খুলে দেখালেন। ইংরেজি লেখার অনুবাদ দাঁড়ায়, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই সেঞ্চুরি তোমার জন্য।’
একমাত্র কন্যাকে জন্মদিনের উপহার দিলেন লিটন। গতকাল রাতে মেয়ের জন্মদিন উপলক্ষে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি দিয়ে উইশও করেন তিনি। আর আজ সেঞ্চুরিতে পূর্ণতা দিলেন ৩২ বছর বয়সী ব্যাটার।লিটনের মুখের চওড়া হাসির মতো বাংলাদেশের ইনিংসও হাসছে।
অবশ্য সেঞ্চুরির পর ইনিংস খুব একটা লম্বা করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। ব্যক্তিগত ১২০ রানে ডিন পিটারসনের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। লিটনের বিদায়ের পর খুব বেশি সময় টেকেনি বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত দলীয় ৪০০ রানে শেষ হয় টাইগারদের ইনিংস।




