এমপি নুসরাতের বাড়িতে কীভাবে আগুন দেওয়া হলো, ধরা পড়ল সিসি ক্যামেরায়

বরিশাল জার্নাল ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তার পরিবারের দাবি, চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যার প্রমাণ সিসি ক্যামেরার ফুটেজেও দেখা গেছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে বাড়ির টিনশেড আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে এবং দুটি ছাগলের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, আগুন ক্ষতিগ্রস্ত টিনশেডের ৮টি ঘর ছিল। এর পাশেই রয়েছে তিনতলার মূল ভবন। ওই ভবনের তৃতীয় তলায় এমপি নুসরাতের পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে সেখানে আগুন ছড়ায়নি।

নুসরাত তাবাসসুমের ছোট ভাই ইসতিয়াক বলেন, আপু এখন কথা বলতে পারবে না। আমাদের বাড়িতে চারটি পেট্রোল বোমা মারা হয়েছে। সিসিটিভি ফুটেজে প্রমাণ রয়েছে। তবে কে বা কারা মেরেছে সেটা চেনা যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, টিনশেড ঘরগুলোতে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে নিজেরাই তা নেভানোর চেষ্টা করেন। পরে রাত ১২টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দাবি, পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, আমরা চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি আগুন জ্বলছে। পরে নিজেরা আগুন নেভানোর জন্য যথাসাধ্য চেষ্টা করি।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত চলছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে বৃহস্পতিবার রাত ১টা ২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি।

পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

অন্যদিকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, আগুন লাগা ঘরটি গরু রাখার ঘর। প্রতিবেশীরাই আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। ঘরে থাকা জীবিত গরুগুলো নিরাপদে বের করে নেওয়া হয়। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top