আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে যেসব ব্যক্তির নাম বাদ দেওয়ার আবেদন করেছে দেশটির নির্বাচন কমিশন, তাদের প্রায় ৯০ শতাংশই মুসলিম। এমনকি বিচারিক কর্মকর্তারা এসব ভোটারকে তালিকায় রাখার যোগ্য বলে সিদ্ধান্ত দেওয়ার পরও তাদের নাম বাদ দেওয়ার আবেদন করা হয়েছে। শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠ সীমান্তবর্তী জেলাগুলোতেই নয়, হিন্দু সংখ্যাগরিষ্ঠ এবং সীমান্ত থেকে দূরের জেলাগুলোতেও একই প্রবণতা দেখা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিচারিক কর্মকর্তারা যেসব ভোটারের নাম তালিকায় রাখার পক্ষে সিদ্ধান্ত দিয়েছিলেন, তাদের অন্তর্ভুক্তির বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা আপিলের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
সিভিক রিসার্চ গ্রুপের সংকলিত তথ্য অনুযায়ী, এ ধরনের আপিলের সংখ্যা ১৬ লাখ ৮ হাজার ১৭৫। দ্য ওয়্যার এসব ভোটারের নাম বিশ্লেষণ করে দেখেছে, তাদের মধ্যে অন্তত ১৪ লাখ ৩৯ হাজার ৭৯৭ জন মুসলিম। অর্থাৎ মোট আপিলের ৮৯ দশমিক ৫ শতাংশ ভোটার মুসলিম।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম। রাজ্যটির মোট ভোটারের মধ্যে তাদের অংশ প্রায় ২৯ শতাংশ।
সব ধরনের নির্বাচনি আসনেই একই চিত্র
নির্বাচনি আসনগুলোতে সংখ্যালঘু জনগোষ্ঠীর অনুপাত অনুযায়ী বিশ্লেষণ করলেও একই প্রবণতা দেখা গেছে। কোনো আসনে মুসলিম জনসংখ্যা প্রায় ৬ শতাংশ হলেও নির্বাচন কমিশনের আপিল করা ভোটারদের ৬০ শতাংশের বেশি মুসলিম। অর্থাৎ জনসংখ্যায় তাদের অনুপাতের তুলনায় এই হার প্রায় ১০ গুণ। আবার যেসব আসনে সংখ্যালঘু জনগোষ্ঠীর অংশ প্রায় ১৫ শতাংশ, সেখানে আপিলের আওতায় আসা ভোটারদের ৮০ শতাংশের বেশি মুসলিম।
রাজ্যের ১৩৭টি নির্বাচনি আসনে নির্বাচন কমিশনের আপিল করা ভোটারদের অন্তত ৯০ শতাংশের নাম মুসলিম। মুসলিম জনসংখ্যা ২০ শতাংশের কম, এমন ১৬০টি আসনের মধ্যে ৬৯টিতে আপিলের আওতায় আসা ভোটারদের অন্তত ৮০ শতাংশ মুসলিম। এসব আসন মিলিয়ে ২ লাখ ৬২ হাজার ৪১৬ জন মুসলিম ভোটারের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
সীমান্ত থেকে দূরের জেলাগুলোতেও একই প্রবণতা
প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী জেলাগুলোর তুলনায় মুসলিম জনসংখ্যা কম—এমন জেলাগুলোতে এই ব্যবধান আরো বেশি।
পূর্ব মেদিনীপুর জেলায় মোট জনসংখ্যার প্রায় আট ভাগের এক ভাগ মুসলিম। অথচ সেখানে নির্বাচন কমিশনের আপিল করা ভোটারদের ৯০ শতাংশের বেশি মুসলিম। এ জেলার এগরা আসনে মুসলিম জনসংখ্যা প্রায় ৮ শতাংশ হলেও আপিলের আওতায় থাকা ভোটারদের ৯৪ দশমিক ৯ শতাংশ মুসলিম। একই জেলার চণ্ডীপুর, কাঁথি দক্ষিণ ও রামনগর আসনে এ হার ৯৩ থেকে ৯৫ শতাংশের মধ্যে।
সুন্দরবন অঞ্চলের সাগর ও গোসাবা আসনেও একই চিত্র দেখা গেছে। সেখানে আপিল করা ভোটারদের যথাক্রমে ৯৭ ও ৯৫ শতাংশের নাম মুসলিম। অথচ এসব এলাকায় মুসলিম জনসংখ্যা ১২ শতাংশেরও কম।
অন্যদিকে মুর্শিদাবাদ জেলায় মোট জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ মুসলিম। সেখানে নির্বাচন কমিশনের আপিল করা ভোটারদের ৯৮ দশমিক ২ শতাংশ মুসলিম। তবে এ জেলায় ব্যবধান তুলনামূলক কম হওয়ার কারণ, সেখানকার জনসংখ্যার বড় অংশই মুসলিম।
যেসব আসনে চিত্র কিছুটা ভিন্ন
কয়েকটি নির্বাচনি আসনে নির্বাচন কমিশনের আপিল করা ভোটারদের অধিকাংশের নাম মুসলিম নয়। এসব আসনের বেশির ভাগেই মুসলিম জনসংখ্যা খুব কম। সেখানে এসআইআর প্রক্রিয়ায় অন্য জনগোষ্ঠীর ভোটাররাও আপিলের আওতায় এসেছেন।
তবে এসব আসনেও জনসংখ্যার অনুপাতের তুলনায় মুসলিম ভোটারের বিরুদ্ধে আপিলের হার বেশি।
নদীয়ার মতুয়া অধ্যুষিত এলাকার তফসিলি জাতির জন্য সংরক্ষিত কৃষ্ণগঞ্জ আসনে আপিলের আওতায় থাকা ভোটারদের ৬ দশমিক ৫ শতাংশ মুসলিম। সেখানে মুসলিম জনসংখ্যার হার ৫ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ ব্যবধান খুব বেশি নয়।
তবে অন্যান্য আসনে ব্যবধান অনেক বেশি। যাদবপুরে মুসলিম জনসংখ্যা প্রায় ১ শতাংশ হলেও আপিলের আওতায় থাকা ভোটারদের ১৪ দশমিক ২ শতাংশ মুসলিম। জনসংখ্যার অনুপাতের তুলনায় এ হার ১২ গুণেরও বেশি।
নয়াগ্রামে মুসলিম জনসংখ্যা ১ দশমিক ৩ শতাংশ হলেও আপিল করা ভোটারদের ১৭ দশমিক ১ শতাংশ মুসলিম। বিধাননগর ও হবিবপুরে এ হার মুসলিম জনসংখ্যার অনুপাতের প্রায় চার গুণ। তবে দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পংয়ের পাহাড়ি আসনগুলোতে মুসলিম ভোটার এবং নাম বাদ দেওয়ার আবেদনের মধ্যে প্রায় কোনো মিল পাওয়া যায়নি।
প্রতিবেদনের সামগ্রিক পর্যবেক্ষণ হলো, যেসব এলাকায় মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য, সেখানে নির্বাচন কমিশনের আপিলের তালিকায় তাদের নামই বেশি। অন্যদিকে মতুয়া অধ্যুষিত এলাকা, আদিবাসী অধ্যুষিত আসন এবং কলকাতার উপকণ্ঠের কিছু এলাকায় মুসলিম জনসংখ্যা খুব কম। এসব জায়গায় আপিলের তালিকায় অন্য জনগোষ্ঠীর ভোটার বেশি থাকলেও জনসংখ্যার অনুপাতের তুলনায় মুসলিম ভোটারের সংখ্যা অনেক বেশি।
তথ্যে কী উঠে এসেছে, কী উঠে আসেনি
প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনি আসনের ধর্মীয় জনসংখ্যার অনুপাত অনুযায়ী নির্বাচন কমিশন সরাসরি ভোটারদের বেছে আপিল করেছে—তথ্যে এমন প্রমাণ পাওয়া যায়নি। মুসলিম জনসংখ্যা সবচেয়ে কম থেকে সবচেয়ে বেশি, এমন সব ধরনের আসনেই বিচারিক কর্মকর্তাদের যোগ্য ঘোষিত ভোটারদের ৪৬ থেকে ৫১ শতাংশের বিরুদ্ধে আপিল করেছে কমিশন। অর্থাৎ কোনো আসনে মুসলিম জনসংখ্যার হার এবং বিচারিক কর্মকর্তাদের ছাড় দেওয়া ভোটারদের মধ্যে কমিশনের আপিলের হারের সম্পর্ক প্রায় নেই বললেই চলে।
তবে আপিলের পর্যায়ে কারা পৌঁছেছেন, সেই চিত্রে বড় ধরনের পার্থক্য রয়েছে। নির্বাচন কমিশনের আপিলসংক্রান্ত তথ্য শুধু সেই ভোটারদের নিয়ে, যাদের তালিকায় অন্তর্ভুক্তির বিরুদ্ধে কমিশন আপিল করেছে। বিচারিক কর্মকর্তারা যাদের যোগ্য ঘোষণা করেছেন, তাদের সবাই এ তথ্যের আওতায় নেই।
তবে বিচারিক কর্মকর্তারা যেসব ভোটারের নাম বাদ দিয়েছেন এবং পরে যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন, তাদের তথ্য বিশ্লেষণ করলে পুরো চিত্রের আরো কিছু অংশ সামনে আসে।
বিচারিক কর্মকর্তারা মোট ২৭ লাখ ৬ হাজার ৫৭ জন ভোটারের নাম বাদ দিয়েছিলেন। তাদের মধ্যে ২২ লাখ ১৭ হাজার ৬১৯ জন ট্রাইব্যুনালে আপিল করেছেন। অর্থাৎ বাদ পড়া ভোটারদের ৮২ শতাংশ আপিল করেছেন। এসব আপিলকারীর ৭৯ দশমিক ৩ শতাংশ মুসলিম।
স্বাধীনভাবে করা আরেকটি বিশ্লেষণেও একই ধরনের তথ্য পাওয়া গেছে। সাবার ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের সম্পূরক ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের ধর্ম ও লিঙ্গভিত্তিক তথ্য নিয়ে একটি উন্মুক্ত তথ্যভান্ডার তৈরি করেছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী, বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া ২৭ লাখের বেশি ভোটারের মধ্যে ৭০ দশমিক ১৭ শতাংশ মুসলিম। তাদের ৫১ শতাংশ নারী।
দুই ধরনের আপিলের তথ্য একত্র করলে দেখা যায়, সংশ্লিষ্ট নির্বাচনি আসনগুলোতে বিচারিক কর্মকর্তাদের কাছে পাঠানো মোট ৫৯ লাখ ৫৯ হাজার ৪৫৮ জন ভোটারের মধ্যে ৩৮ লাখ ২৫ হাজার ৭৯৪ জনের তথ্য পাওয়া গেছে। অর্থাৎ মোট ভোটারের প্রায় ৬৪ শতাংশের তথ্য বিশ্লেষণ করা সম্ভব হয়েছে।
এই ৩৮ লাখ ২৫ হাজার ৭৯৪ জনের মধ্যে ৩১ লাখ ৯৯ হাজার ১২২ জন মুসলিম। বাকি ভোটাররা মুসলিম না হলেও বিচারিক কর্মকর্তাদের কাছে পাঠানো মোট ভোটারের অন্তত ৫৩ দশমিক ৭ শতাংশ মুসলিম। রাজ্যের জনসংখ্যায় মুসলিমদের অনুপাতের তুলনায় এ হার প্রায় দ্বিগুণ।
যেসব আসনে মুসলিম জনসংখ্যা প্রায় ৬ শতাংশ, সেখানেও বিচারিক কর্মকর্তাদের কাছে পাঠানো ভোটারদের অন্তত এক-চতুর্থাংশের নাম মুসলিম। অর্থাৎ জনসংখ্যার অনুপাতের তুলনায় এ হার চার গুণেরও বেশি। আর মুসলিম জনসংখ্যা প্রায় ১৫ শতাংশ, এমন আসনগুলোতে বিচারিক কর্মকর্তাদের কাছে পাঠানো ভোটারদের অন্তত ৪৩ শতাংশের নাম মুসলিম।
এ ক্ষেত্রে একটি তুলনামূলক চিত্র বিশেষভাবে নজরে এসেছে। যেসব আসনে মুসলিম জনসংখ্যা ১০ শতাংশের কম, সেখানে বিচারিক কর্মকর্তারা যেসব ভোটারের নাম বাদ দিয়েছেন এবং পরে যারা আপিল করেছেন, তাদের প্রায় এক-তৃতীয়াংশ মুসলিম। অন্যদিকে একই আসনগুলোতে বিচারিক কর্মকর্তারা যেসব ভোটারকে যোগ্য ঘোষণা করেছেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা আপিলের ৬০ শতাংশের বেশি ভোটার মুসলিম।
এ দুটি গোষ্ঠী আলাদা। তাই শুধু এই তথ্য দিয়ে বিচারিক কর্মকর্তাদের যোগ্য ঘোষণা করা সব ভোটারের ধর্মীয় পরিচয় নির্ধারণ করা সম্ভব নয়। তবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসনগুলোতে বিচারিক কর্মকর্তাদের বাদ দেওয়া ভোটারদের তুলনায় তাদের ছাড় দেওয়া ভোটারদের মধ্যে মুসলিম নামধারীদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিলের হার অনেক বেশি।
প্রতিবেদন অনুযায়ী, এই প্রবণতার সূত্রপাত আপিলের আগের ধাপগুলোতে থাকতে পারে। ভোটারদের ‘যৌক্তিক অসংগতি’ চিহ্নিত করে বিচারিক কর্মকর্তাদের কাছে পাঠানোর পরই তারা এই পর্যায়ে পৌঁছান।
নির্বাচন কমিশনের নিজস্ব ইআরওনেট তথ্য অনুযায়ী, বিচারিক কর্মকর্তাদের কাছে পাঠানো ৬০ লাখ ভোটারের ক্ষেত্রে কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা জেলাভিত্তিক যেসব মামলা চিহ্নিত করেছিলেন, সেগুলোর সঙ্গে এই প্রক্রিয়ার মিল রয়েছে। তবে ভোটার তালিকা নিবন্ধন কর্মকর্তারা যেসব মামলা নিষ্পত্তি করতে পারেননি, সেগুলোর সঙ্গে এই তালিকার মিল নেই।
এরপর বিচারিক কর্মকর্তারা যেসব ভোটারকে যোগ্য ঘোষণা করেছেন, তাদের প্রায় অর্ধেকের বিরুদ্ধে আপিল করা হয়েছে। অথচ এই ভোটারদের তালিকায় মুসলিমদের আধিক্য ছিল। শুধু সীমান্তবর্তী এলাকায় নয়, হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোতেও একই চিত্র দেখা গেছে।
কারা আপিল করেছে
গত ২৬ অক্টোবর ভারতের সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক পাল্টা হলফনামায় নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি কর্মকর্তার (সিইও) কার্যালয়ের কর্মকর্তারা জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে কর্তৃপক্ষ হিসেবে এসব আপিল করেছেন। ২২ অক্টোবর পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো একটি চিঠির ভিত্তিতে হলফনামায় এ তথ্য উল্লেখ করা হয়।
একই হলফনামায় কমিশন বলেছে, এসব বিষয় কমিশনের কাছে উপস্থাপন করা হয়নি। সংশ্লিষ্ট ভোটারদের প্রয়োজনীয় নথি অনলাইন পোর্টালে রয়েছে এবং তাদের পক্ষে বিচারিক কর্মকর্তারা অনুকূল সিদ্ধান্ত দিয়েছেন।
দ্য ওয়্যার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি কর্মকর্তার কার্যালয় এবং দুজন অতিরিক্ত মুখ্য নির্বাচনি কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে।
চিঠিতে জানতে চাওয়া হয়েছে, কোন কর্মকর্তা বা কর্মকর্তারা এসব আপিল করেছেন এবং তাদের পদবি কী। যেসব নির্বাচনি এলাকার দায়িত্ব তাদের নয়, সেসব এলাকার ভোটারদের বিরুদ্ধে আপিল করার ক্ষেত্রে জনপ্রতিনিধিত্ব আইন বা ভোটার নিবন্ধন বিধিমালার কোন ধারা অনুসরণ করা হয়েছে, তা-ও জানতে চাওয়া হয়েছে।
এ ছাড়া আপিলের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোন আদেশের কোন অনুচ্ছেদ অনুসরণ করা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার ভোটার তালিকা নিবন্ধন কর্মকর্তা ও অতিরিক্ত নিবন্ধন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করা হয়েছিল কি না, কোন যুক্তি ও মানদণ্ডে ভোটারদের বেছে নেওয়া হয়েছে এবং প্রতিটি মামলা আলাদাভাবে পর্যালোচনা করা হয়েছিল কি না—এসব প্রশ্নও করা হয়েছে।
২২ অক্টোবরের চিঠির অনুলিপি এবং নির্বাচনি আসনভিত্তিক আপিলের সংখ্যা ও সেসব আপিলের ফলাফলও চেয়েছে সংবাদমাধ্যমটি। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি কর্মকর্তার কার্যালয় থেকে জবাব পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে বলে জানিয়েছে দ্য ওয়্যার।






