চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল ছিনতাই, বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালে চাঁদার টাকা না পেয়ে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছ থেকে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার মধ্যরাতে বরিশাল বিমানবন্দর থানার মাধবপাশা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা, বিএনপি কর্মী মুবিন মোল্লা ও সাকিব হাওলাদার। তাদের সবার বাড়ি মাধবপাশা এলাকায়। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশাল বিমানবন্দর থানা পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, বাইপাস-হাদিবাসকাঠি পর্যন্ত ২৬০০ মিটার সড়কের নির্মাণকাজ করছেন রুস্তম হাওলাদার। তিনি সাব-ঠিকাদার হিসেবে কাজটি করছেন। সাব-ঠিকাদার রুস্তম হাওলাদারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫) ও তার সহযোগীরা। শনিবার রাতে চাঁদা না পেয়ে নির্মাণকাজে বাধা দেন তারা। এখানে কাজ করতে হলে ৩ লাখ টাকা দিতে হবে বলে বিএনপি নেতা হুমকি দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ঠিকাদারকে মারধর করে তার ডিসকভার মোটরসাইকেল ছিনতাই করা হয়।

এ ঘটনায় ঠিকাদার মো. রুস্তম হাওলাদার রোববার রাতে বিএনপির নেতা মো. মাহবুব মোল্লা (৪৫), মো. সাকিব হাওলাদার (৩৫), মো. সজীব হাওলাদার (২৫) ও মো. মুবিন মোল্লাকে (২২) অভিযুক্ত করে বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা, বিএনপি কর্মী মুবিন মোল্লা ও সাকিব হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top