ঢাকায় বিএনপির শোভাযাত্রা কাল, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

বরিশাল জার্নাল ডেস্ক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় শোভাযাত্রা করবে বিএনপি। আগামীকাল শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ শোভাযাত্রায় উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করবেন। তার উদ্বোধনী বক্তব্যের পর শোভাযাত্রা শুরু হবে।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানিয়েছেন, শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

এর আগে সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সাত দিনের কর্মসূচি গত ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে চট্টগ্রাম মহানগরে কর্মসূচি পালন করা হয়েছে। আগামীকাল দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, পোস্টার লাগানোসহ নানা কর্মসূচি পালন করবে।

তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল, জোট, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নিয়েছে।

রিজভী বলেন, শেখ হাসিনার সরকার ৭ নভেম্বরের চেতনার প্রতি ভীত হয়ে দিবসটির রাষ্ট্রীয়ভাবে পালন বন্ধ করেছিল। বিএনপি ও সমমনা দলগুলো এত দিন দিবসটি পালন করে আসছে। এবার দীর্ঘদিন পর আবারও রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।

তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা শুধু রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই, সাধারণ মানুষের মধ্যেও এ দিবস নিয়ে আগ্রহ ও আবেদন তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং।

কালবেলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top