বাউফলে বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎ বিলের বকেয়া টাকা আদায়ে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুতের দুই কর্মী। এক গ্রাহক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুই কর্মীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলের চাবিও ছিনিয়ে নেওয়া হয়।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী লঞ্চঘাটসংলগ্ন জেলেপল্লিতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন পল্লী বিদ্যুতের লাইনম্যান সৌরভ ভিড়া (২১) ও মেসেঞ্জার ওমর ফারুক (৪২)। স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে সৌরভের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পল্লী বিদ্যুৎ বাউফল জোনাল অফিস সূত্রে জানা গেছে, নিমদী জেলেপল্লির বাসিন্দা আবুল হোসেনের দুটি বিদ্যুৎ মিটারের বিপরীতে দীর্ঘদিনের বিল বকেয়া ছিল। এর মধ্যে একটি মিটারের আট মাস এবং অন্যটির চার মাসের বিল পরিশোধ করা হয়নি। এ কারণে বুধবার দুটি মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান সৌরভ ও ওমর ফারুক।

অভিযোগ অনুযায়ী, সংযোগ বিচ্ছিন্নের পর ক্ষুব্ধ হয়ে আবুল হোসেন ও তার পরিবারের চার-পাঁচজন সদস্য দুই বিদ্যুৎকর্মীর ওপর হামলা চালান। তারা এলোপাতাড়ি মারধর করে দুজনকে রক্তাক্ত জখম করেন। একপর্যায়ে তাদের মোটরসাইকেলের চাবিও ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ আজিজুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পল্লী বিদ্যুতের সহকারী কর্মকর্তা (প্রশাসন) মোহাম্মদ ইয়াকুব আলী বাদী হয়ে বাউফল থানায় একটি এজাহার দিয়েছেন।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top