ক্রীড়া ডেস্ক
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন অনেকটা পিছিয়েই ছিল বাংলাদেশ। অথচ দিনের শেষদিকে তাইজুল ইসলামের জোড়া উইকেট বাংলাদেশ দলে স্বস্তি এনে দিয়েছে। ১ উইকেটে ৯০ রানে বাংলাদেশের ২৭২ রানের জবাবটা বেশ ভালোই দিচ্ছিল উইন্ডিজ। ৭ রানের মাথায় তিন উইকেট হারানোয় টেস্টে নিজেদের শক্ত অবস্থানটাও হারিয়ে ফেলে সফরকারীরা।
৪ উইকেটে ১৩৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে উইন্ডিজ। বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে এখনও ১৩৮ রানে পিছিয়ে তারা। শেষ ঘণ্টায় মিরাজ-তাইজুলের স্পিনে স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
দিনের শুরুটা ছিল সাদমান ইসলামের সেঞ্চুরি দিয়ে। আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা ওপেনার সেঞ্চুরি করলেও বেশি দূর এগোতে পারেননি। তৃতীয় সেঞ্চুরি থামে ১০৫ রানে। ২২১ রানে সাদমান ফিরতেই বাংলাদেশের লড়াইও থেমে যায়। এর সঙ্গে ইনফর্ম লিটন দাসের ৩৪ রানে থাকা অবস্থায় রিটায়ার্ড হার্ট হওয়া বাংলাদেশকে আরও বিপদে ফেলে।
জোমেল ওয়ারিকেনের ৫ ও শামার জোসেফের ২ উইকেটে শেষ ৫০ রানে বাংলাদেশ ৫ উইকেট হারায়। অপর বাঁহাতি স্পিনার বিশপ নেন ২ উইকেট।
হাসান মাহমুদের আঘাতে ২৯ রানেই প্রথম উইকেট পড়ে উইন্ডিজের। ব্রেন্ডন কিং ১৫ রানে ফেরেন। এরপর জন ক্যাম্পবেল ৫৪ ও টেগনারায়ন চন্দরপলের ৪৩ রানে দ্বিতীয় উইকেট জুটিতে ৯০ রান করে ফেলে উইন্ডিজ। এরপরই মিরাজ ফেরান ক্যাম্পবেলকে আর তাইজুল এক ওভারে কাভেম হজ ও আমির জাঙ্গুকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান।
শেষ পর্যন্ত চন্দরপল ৪৩ ও জাস্টিন গ্রিভস ১৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। মিরপুরের ক্রমশ স্কিন সহায়ক হয়ে ওঠা উইকেটে বাংলাদেশের প্রথম ইনিংসে এখনও ১৩৮ রানে এগিয়ে থাকা বেশ স্বস্তির।




