প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, টারমাকে ফেরানো হয় বিমান

বরিশাল জার্নাল ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে ঢাকায় রওনা দিয়েছেন। তবে এমন সময় তার ফেরার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান টারমাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। এতে যাত্রা বিলম্বিত হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা ইউএনবি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে বিমানের পাইলট দুঃখ প্রকাশ করে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্ব হচ্ছে।

তিনি জানান, সমস্যাটি সমাধানের জন্য দুজন প্রকৌশলী কাজ করছেন এবং কারিগরি ত্রুটি মেরামত হয়ে গেলে ফ্লাইটটি পুনরায় যাত্রা শুরু করবে। পরবর্তীতে বিমানটিকে টারম্যাকে ফিরিয়ে নেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তার সফরসঙ্গী দলের অন্য সদস্যরা এই বিমানে রয়েছেন।

এর আগে গত ২৬ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে তিনি এ সফর করেন। তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

এ ছাড়া বৈঠক করেন জাপানের বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সফরের শেষ ভাগে টোকিওতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top