উজিরপুরে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, আহত ১

​জিব্রান কাদির, উজিরপুর

বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় কাওসার হাওলাদার (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় রশিদ আমিন রিপন নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

​গতকাল রাত ৯টা ৩০ মিনিটের দিকে সাতলা-কান্দি সীমান্তে এ মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। ​নিহত কাওসার হাওলাদার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামের মোঃ মোনাফসের হাওলাদারের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সাতলা-কান্দি সীমান্ত এলাকায় কাওসার ও রিপন অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করেই ১২ থেকে ১৩ জনের একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও দেশীয় লাঠিসোটা দিয়ে কাওসারকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। তাকে বাঁচাতে এলে রশিদ আমিন রিপনও হামলায় আহত হন।

​ঘটনার পর স্থানীয়রা ও স্বজনরা রক্তাক্ত অবস্থায় কাওসারকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন।

​হামলার পর এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top