বরিশাল জার্নার ডেস্ক
সিলেট জালালাবাদ থানার এএসআই উদয়ন ফারুককে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সই করা আদেশে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ১৯ অক্টোবর রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সর্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউনিফর্ম পরে মঞ্চে গান পরিবেশন করেন তিনি।
উদয়ন ফারুকের গাওয়া জেমসের কণ্ঠের জনপ্রিয় ‘পাগলা হাওয়া’ শিরোনামের ‘ওরে ওরে হাওয়া’ গানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশ কমিশনারের আদেশে ঘটনাটি তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব বলেন, ‘পুলিশ কমিশনারের আদেশে এএসআই উদয়ন ফারুকে ২০ অক্টোবর রাতে প্রত্যাহার করা হয়েছে। ২১ অক্টোবর থেকে তিনি এই থানার আওতাধীন ডিউটিতে নেই।’
সিলেট মহানগরের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে ছিলেন ওই পুলিশ সদস্য। দায়িত্বের বাইরে অন্য কাজে যুক্ত হওয়াকে অবহেলা বিবেচনা করে এই আদেশ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনা হচ্ছিল। বিষয়টি সিনিয়র কর্মকর্তাদের নজরে আসার পর তাঁকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। জালালাবাদ থানার সহকারী কমিশনার (এসি) প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলা স্ট্রিম




