সেতু রক্ষার পাইপ চুরি, পিরোজপুরে বিএনপি নেতাসহ আটক ৯

বরিশাল জার্নাল ডেস্ক

পিরোজপুর সদর উপজেলার কঁচা নদীতে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বেকুটিয়া সেতু) নিচ থেকে সরকারি লোহার পাইপ চুরির সময় শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত বেপারিসহ নয়জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতের আঁধারে একটি চক্র সেতুর নিচে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে সরকারি লোহার পাইপ কেটে চুরির উদ্দেশ্যে জড়ো করছিল। খবর পেয়ে পিরোজপুর সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের মধ্যে হেমায়েত বেপারির চুরির ঘটনায় সম্পৃক্ততা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ ঘটনায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন, বিষয়টি তদন্ত করে হেমায়েত বেপারির সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

স্টার নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top