বোরহানউদ্দিনে ছাত্রদলের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ মিজানুর রহমান,  বোরহানউদ্দিন (ভোলা)

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ ও সবুজায়নের লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর, পলিটেকনিক ও কলেজ শাখা ছাত্রদল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বোরহানউদ্দিন পৌরসভার সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ‘পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, মশাহীন পরিবেশ গড়ি, রোগমুক্ত সুস্থ সুন্দর জীবন নিশ্চিত করি’—স্লোগানকে সামনে রেখে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার সামনের পুকুরের ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি সাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিমসহ উপজেলা, পৌর, পলিটেকনিক ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজনন ক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবনের অন্যতম শর্ত। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে কাজ করবেন।

পৌর ছাত্রদলের সভাপতি সাকিল মাতাব্বর বলেন, শুধু কর্মসূচি পালন করলেই হবে না, এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম বলেন, জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনা মশার বংশবিস্তারের অন্যতম কারণ। তাই পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে হবে।

কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত বৃক্ষরোপণের আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top