বরিশাল জার্নাল ডেস্ক
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে আমিনুল ইসলাম শাওন (৪০) নামে একজনকে আটক করেছে লালবাগ থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত (২০ সেপ্টেম্বর) সোয়া ২টার দিকে আজিমপুর মেটারনিটি হাসপাতালের সামনের ফুট ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে শাওন। বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা দ্রুত সেখানে হাজির হন। একই সময়ে টহলরত পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে তাকে আটক করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আটকের সময় উত্তেজিত জনতা শাওনকে মারধর করে। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
পরে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান নিয়াজ মেহেদী।
বাংলা স্ট্রিম




