পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটা দেখিয়েছে : জহির উদ্দিন স্বপন

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু অনাকাঙ্খিত ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর উত্তর মল্লিক রোডে পুলকের বাড়িতে যান তিনি। সান্ত্বনা দেন শোকাহত স্বজনদের। এরপর কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

পুলক চ্যাটার্জি সবশেষ ছিলেন দৈনিক সমকালের ব্যুরো প্রধান। তিন বছর আগে চাকরি হারান তিনি। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয়ের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেখানে পাওয়া যায় তার হাতে লেখা পাঁচটি ‘সুইসাইড নোট’।

পুলকের সঙ্গে আগে থেকেই ব্যক্তিগত জানাশোনা আছে বলে জানালেন বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন। তিনি বললেন, ‘আমি খুবই মর্মাহত। বেদনা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তথ্য মন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে সাংবাদিক পেশা নিয়ে একটু ভিতরে ঢুকতে হয়েছে। সাংবাদিক পক্ষ ও মালিক পক্ষের স্বার্থ নিশ্চিত করে একটি ওয়েজবোর্ড বাস্তবায়ন করব। মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি। সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। কিছুটা কাজ এগিয়ে দিয়ে এসেছি।’

‘আমাদের কাজটার সঙ্গে এই (পুলকের) মৃত্যুর সম্পর্ক রয়েছে। এই পেশা নিজেকে মর্যাদাবান করে। অন্যান্য পেশাতে নিজের ব্যক্তিগত স্বার্থই শুধু থাকে। কিন্তু সাংবাদিকতা পেশায় যারা জড়িত, তারা বেতনের নিশ্চয়তা চায়, মর্যাদা চায়। আমি যদি সব কাজ করে আসতে পারতাম, তাহলে ভবিষ্যতে এই পরিস্থিতে কাউকে পড়তে হতো না। আমি নীতিগতভাবে তিন পক্ষের নৈতিক সমর্থন তৈরি করে এসেছি’- যোগ করলেন তিনি।

পুলকের মৃত্যু নিয়ে শুধু প্রতিক্রিয়া জানালেই হবে না, তার পরিবারের দিকে খেয়াল রাখতে হবে বলে জানান জহির উদ্দিন। ‘পুলক আমাদের কাছে আর ফিরে আসবে না… এটি ক্ষুদ্র-অনাকাঙ্খিত দুর্ঘটনা নয়, এটির শেকড় অনেক দূরে। আমাদের প্রধানমন্ত্রী গণমাধ্যমের ব্যাপারে অনেক সচেতন। আমরা সবাই মিলে পুলকের পরিবারের দিকে খেয়াল রাখব। পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটাকেই দেখিয়ে দিয়ে গেছে’- বললেন সাবেক এই তথ্যমন্ত্রী।

এসময় বাড়িতে ছিলেন পুলক চ্যাটার্জীর স্ত্রী প্রিয়াংকা চ্যাটার্জী ও মেয়ে প্রকৃতি চ্যাটার্জী। এমপি জহিরের সঙ্গে যান বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, সাবেক সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিণ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ।

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top