দীর্ঘ বিরতি শেষে ক্যামেরার সামনে বাবু, কেমন আছেন এখন?

বিনোদন ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে, এরপর ওপেন হার্ট সার্জারি সব মিলিয়ে দীর্ঘ কয়েক মাস অভিনয় থেকে দূরে ছিলেন ফজলুর রহমান বাবু। এবার সেই কঠিন সময় পেরিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরেছেন জনপ্রিয় এই অভিনেতা। দীর্ঘ বিরতির পর শুটিংয়ে দাঁড়িয়ে নিজেকে পুরোপুরি সুস্থ মনে হয়েছে তার।
লিটু করিম পরিচালিত ‘লোভী মন’ নাটকের মাধ্যমে নাটকের শুটিংয়ে ফিরেছেন বাবু। গত শনিবার নাটকটির শুটিং শেষ করেছেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন রওনক হাসান, ফারজানা ছবিসহ আরও অনেকে।
দীর্ঘদিন পর শুটিং সেটে ফিরে উচ্ছ্বসিত বাবু। চেনা পরিবেশ, সহশিল্পীদের সঙ্গে দেখা ও আড্ডা সব মিলিয়ে পুরোনো ছন্দে ফেরার আনন্দ পেয়েছেন তিনি।
বাবু বলেন, ‘দীর্ঘদিন ধরে নিয়মিত অভিনয় করেছি। অসুস্থতার কারণে এবার সেই অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে। ‘লোভী মন’ দিয়ে নাটকের শুটিংয়ে ফিরলাম। দীর্ঘদিন পর সহশিল্পীদের সঙ্গে দেখা হলো, আড্ডা হলো। এটা খুব ভালো লাগার। সেই চেনা মানুষ, পরিবেশ সব মিলিয়ে এটা তো আমার আরেকটা পরিবার। মনে হলো, ঘরে ফিরে এলাম।’
গত ফেব্রুয়ারিতে হৃদ্‌রোগে আক্রান্ত হন বাবু। দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার ওপেন হার্ট সার্জারি করা হয়। এরপর শারীরিক সুস্থতার জন্য নিয়মিত অভিনয় থেকে বিরতিতে ছিলেন তিনি।
অসুস্থতার পর সিনেমার প্রচারণায় অংশ নিলেও নাটকের শুটিংয়ে এতদিন ফেরেননি। গত ১৭ জুলাই মুক্তি পাওয়া ‘মাস্তুল’ সিনেমার প্রচারণায় দেখা গেছে তাকে। এবার নাটকের কাজেও ফিরলেন। পাশাপাশি একটি ওভিসির শুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন এই অভিনেতা।
অসুস্থতার সময়ে যারা তার খোঁজখবর নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাবু। সবার কাছে দোয়া চেয়ে তিনি জানিয়েছেন, সুস্থ থেকে আবারও নিয়মিত কাজ করে যেতে চান।

স্টার নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top