পবিপ্রবিতে ‘র‍্যাগিংয়ের শিকার’ নবীন শিক্ষার্থী হাসপাতালে

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ আবাসিক হলে র‍্যাগিংয়ের শিকার এক নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাতে হলের কমনরুমে পরিচয়পর্বের নামে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং করা হয় বলে অভিযোগ কয়েকজন নবীন শিক্ষার্থীর।
ওই শিক্ষার্থীরা বলেন, র‍্যাগিংয়ের সময় মোহাম্মদ হাবিব নামের এক শিক্ষার্থী অসুস্থতার কথা জানালেও তাকে রেহাই দেয়া হয়নি। বরং অসুস্থতার অভিনয় করছেন, এমন অভিযোগ তুলে তাকে আবারও র‍্যাগিং করা হয়। একপর্যায়ে হাবিব গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ধমকানো, বাবা-মাকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ, মুখে সিগারেটের ধোঁয়া ছোড়া, কান ধরে উঠবস করানো এবং উল্টোভাবে গণনা করানোর মতো আচরণ করেন। গণনায় ভুল হলে আবারও উঠবস করানো হয়।
ভুক্তভোগী হাবিব রাত ১১টার দিকে তাঁর হাত-পা ঠান্ডা হয়ে যায় এবং পায়ের শক্তি হারিয়ে ফেলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে দুজন শিক্ষার্থী তাকে গণরুমে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, ‘এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন ঘটনা। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রশাসন কার্যক্রম শুরু করেছে। র‍্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
তদন্তের স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের তথ্য প্রকাশ করা হচ্ছে না বলেও জানান তিনি।
পবিপ্রবির প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। আমি র‍্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘র‍্যাগিং একটি অপসংস্কৃতি। র‍্যাগিংয়ের বিষয়ে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

স্টার নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top