পাতারহাট আরসি কলেজে শিক্ষার্থীশূন্য আলোচনা সভার ভিডিও ঘিরে বিতর্ক

বরিশাল জার্নাল ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জের সরকারি পাতারহাট আর সি কলেজে আয়োজিত আলোচনা সভায় কোনো শিক্ষার্থীর উপস্থিতি না থাকার অভিযোগ উঠেছে। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বুধবার (৫ আগস্ট) কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে বক্তব্য দিতে দেখা যায়। তবে দর্শকসারিতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না। ফাঁকা বেঞ্চে মাত্র দুজন কর্মচারীকে বসে থাকতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জাতীয় গুরুত্বপূর্ণ একটি দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থী ও অনেক শিক্ষকের অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

আর সি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ সিংয়ের দাবি, ‘আর সি কলেজ উপজেলার সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘদিন ধরে কলেজ প্রশাসনের উদাসীনতায় প্রতিষ্ঠানটি দিনে দিনে তার সুনাম ও ঐতিহ্য হারাচ্ছে। যার প্রমাণ আজকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি দিনে শিক্ষার্থীদের অনুপস্থিতি।’

 

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন ব্লেন, ‘আজকে জুলাই গণঅভ্যুত্থানের মতো জাতীয় দিবসে একজন শিক্ষার্থীর উপস্থিতি ছিল না এবং শিক্ষকদের অর্ধেকেরও বেশি অনুপস্থিত ছিলেন। বিষয়টি আমাদের হতাশ করেছে।’ তার দাবি, কলেজ প্রশাসনের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আর সি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হালিম জানান, বর্তমানে উচ্চমাধ্যমিক, অনার্স ও ডিগ্রি পরীক্ষা চলমান থাকায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে অনুষ্ঠান সম্পর্কে অনলাইনে প্রচার করা হয়েছিল। পাশাপাশি বৈরী আবহাওয়ার প্রভাবেও উপস্থিতি কম ছিল। ‘একেবারে যে উপস্থিত ছিল না, ব্যাপারটা তেমন না। হয়তো তখন ভিডিও বা ছবি নেওয়া হয়েছে, তখন ছিল না।’

তবে ঘটনার সত্যতা স্বীকার করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াশ শাহ বলেন, ‘আমরা অনলাইনে কর্মসূচির বিষয়ে প্রচার করেছি। বেশিরভাগ শিক্ষক উপস্থিত ছিলেন, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে হয়তো শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। এখানে আমাদের কি করণীয় থাকতে পারে।’

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top