বরিশাল জার্নাল ডেস্ক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের একদল শিক্ষার্থীর হামলায় ক্যাম্পাস সাংবাদিকসহ অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত নভোথিয়েটারের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক পেজে গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রের ‘ব্যক্তিগত ভিডিও’ পোস্ট করা হয়। এ ঘটনার জের ধরে ওই ছাত্র বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু উবাইদা এবং সাংবাদিক আব্দুল কাদের জীবনকে নভোথিয়েটারের সামনে ডেকে নেন। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই ছাত্র ও তার সঙ্গে থাকা কয়েকজন মিলে উবাইদা ও কাদেরকে মারধর শুরু করেন।
খবর পেয়ে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। আহতদের অভিযোগ, প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী লাঠি, রড, পাইপ ও ইটপাটকেল নিয়ে তাদের ওপর চড়াও হন।
এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ‘আজকালের কণ্ঠ’-এর সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন এবং ‘দৈনিক আমার দেশ’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাসুদ রানার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
হামলায় আহতরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অমিও মন্ডল, রিপন মন্ডল, নাহিদ ইসলাম, আব্দুল কাদের ইমন, লোকপ্রশাসন বিভাগের তানজিল, সিএসই বিভাগের সিফাত, হিসাববিজ্ঞান বিভাগের মারুফ ও ইংরেজি বিভাগের আহনাফ। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আব্দুল কাদের বলেন, আমার ওপর ২০-৩০ জন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করেছে। এই হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টা এবং সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন বলেন, ঘটনা শোনার পরপরই আমি উপস্থিত হই। আমাদের বিভাগের ৮-৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজয় কৃষ্ণ সাহা জানান, আমার কাছে এখনও লিখিত অভিযোগ আসেনি। গণিত বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ—উভয় পক্ষকে নিয়ে আমরা প্রক্টর অফিসে বসব। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ দুই পক্ষকেই লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আশ্বাস দেন যে, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।
এশিয়া পোস্ট




