বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

বরিশাল জার্নাল ডেস্ক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় তারা কিছুক্ষণ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করলে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।

আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন বিআরটিসি বাস ডিপোর সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন পরীক্ষার্থীরা। মিছিলটি বরিশাল শিক্ষা বোর্ডের সামনে গিয়ে শেষ হয়।

সৈয়দ হাতেম আলী কলেজের পরীক্ষার্থী বকুল মালী বলেছেন, ‘আমাদের এভাবে কোনো কটুক্তি করার অধিকার শিক্ষামন্ত্রী রাখে না। তিনি প্রকাশ্যে আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করুক। তা না হলে আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে।’

অমৃত লাল দে মহাবিদ্যালয়ের পরীক্ষার্থী জাকারিয়া আলম সুমন অভিযোগ করে বললেন, ‘এমন প্রশ্নপত্র করছে, যা বইতেই খুঁজে পাই না। আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে আমাদের আবার ফার্মের মুরগি বলছে।’

সরকারি বরিশাল কলেজের পরীক্ষার্থী মালিহা জাহানের ভাষ্য, ঢাকায় আমাদের আন্দোলনকারীদের ওপর কেন লাঠিচার্জ করা হলো। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমাদের সঙ্গে বোর্ড চেয়ারম্যানের কথা হয়েছে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, এবার আমাদের সঙ্গে যা হয়েছে, ২০২৭ সালের ব্যাচের সঙ্গে এমনটা হবে না।

 

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পরীক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন কেন্দ্রে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে।

তিনি বলেছেন, ‘আমি তাদের কাছে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছি। তারা আমার কাছে জানতে চেয়েছে, পরীক্ষায় যেমন কড়াকড়ি হয়েছে, উত্তরপত্র মূল্যায়নেও তেমন কড়াকড়ি হবে কি না। তখন আমি বলেছি, শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়নে কড়াকড়ি করেন না।’

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বললেন, ‘বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।’

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top