৫ জেলায় বন্যা ও ভূমিধসের শঙ্কা

বরিশাল জার্নাল ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিস্তীর্ণ অঞ্চলে অস্বাভাবিক বর্ষণ অব্যাহত রয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার (৯ জুলাই) ও শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে জেলাগুলোতে প্রায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত মোট বৃষ্টিপাত হতে পারে, যা পাহাড় ধসের উচ্চ ঝুঁকি এবং বন্যার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৮ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত) উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম (আমবাগান) এলাকায় ২৭৭ মিলিমিটার, বান্দরবানে ২১০ মিলিমিটার, রাঙামাটিতে ১৬৫ মিলিমিটার এবং কক্সবাজারে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এমন অবস্থায় কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও কক্সবাজার সদর উপজেলা, চট্টগ্রামের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭, ৮, ৯ ও ১৪ নম্বর ওয়ার্ড এবং বাঁশখালী উপজেলা, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও বান্দরবান সদর উপজেলা, এবং রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাকে ভূমিধসের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ভূমিধসের পাশাপাশি আকস্মিক বন্যারও শঙ্কা রয়েছে। তাই বন্যার পানি থেকে রক্ষা পেতে নদী বা ঝিরির কাছাকাছি অবস্থান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি ঘরের কাছের নালা ও পানি নিষ্কাশনের পথ পরিষ্কার রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা, জরুরি বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রাখা এবং জনগণের মাঝে দ্রুত সতর্কবার্তা প্রচারের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

দুর্যোগপূর্ণ এই সময়ে জানমালের সুরক্ষায় স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা মেনে চলতে এবং নিয়মিত আবহাওয়া পূর্বাভাস পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। পাহাড়ের ঢাল বা অতিঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নির্ধারিত আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বয়স্ক, শিশু, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে। একইসঙ্গে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধপত্র, টর্চলাইট, মোমবাতি, দেয়াশলাই কাঠি, তিন দিনের কাপড় সঙ্গে নেওয়ার এবং মূল্যবান কাগজপত্র সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top