বরিশালে কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল নগরীর কালিবাড়ী রোড এলাকায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে নগরীর জ্বগদ্বীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো নগরীর কালীবাড়ি রোড এলাকার সোহরাব হোসেন খানের ছেলে হাসান মাহমুদ খান, একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল তামিম, শুকুর লাল আচার্যের ছেলে প্রতিম আচার্য ও রতন কুমার দাসের ছেলে হৃদয় দাস। স্থানীয়দের অভিযোগ, আটককৃত মাহমুদুর রহমান দীর্ঘদিন ধরে একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে এলাকায় ইভটিজিং, মাদক কারবার, চুরি এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো বিভিন্ন অপরাধে জড়িত ছিলো।

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ শাহিনুর রহমান বলেন, কয়েক জন যুবক জগদীশ সারস্বত স্কুলের সামনে বসে স্কুলের ছাত্রী ও তাদের অভিভাবকদের অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করছিলো বলে আমাদের কাছে অভিযোগ ছিলো। ওই অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে আমরা বিদ্যালয়টির সামনে অভিযান পরিচালনা করি। এসময় আমরা অভিযুক্ত ওই চারজন আটক করি এবং অভিভাবকরা তাদের চিহ্নিত করে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল ইসলাম জানান, মহানগর গোয়েন্দা পুলিশ জগদীশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে চারজন উত্ত্যক্তকারীকে আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

এদিকে ডিবির অভিযানে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটকের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা কিশোর গ্যাং দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top